২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মহলের সতর্কবাণী: নেপাল মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে

জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থা সতর্কতা উচ্চারন করে বলেছে যে, নেপাল চরম মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে উপনীত। মাওবাদী গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতে সাধারণ মানুষের জীবন সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পাশাপাশি শরণার্থী হয়ে পড়া লোকজন ত্রাণ সাহায্য ও চিকিৎসা সুবিধা পাচ্ছে না বিধায় নেপালের মানবিক পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং নয়টি পশ্চিমা সাহায্যকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে উভয়পক্ষকে নেপালের সাধারণ মানুষের প্রতি সম্মান জানানোর আহবান জানিয়েছে। নেপালে মাওবাদী হামলা বেড়ে যাবার অভিযোগ এনে রাজা জ্ঞানেন্দ্র ফেব্র“য়ারি মাসে শের বাহাদুর দেউবা সরকারকে ক্ষমতাচ্যুত করে সর্বসময় ক্ষমতা নিজের হাতে তুলে নেন।

ওই বিবৃতিতে জাতিসংঘ এবং দ্বিপাক্ষিক দাতা সংস্থাসমূহ নেপালের সকল রাজনৈতিক পক্ষের কাছে সাধারণ মানুষের সাহায্যে নিয়োজিত যানবাহনে প্রবিন্ধকতা সৃষ্টি না করার আহবান জানায়। 

ওই সংগঠনগুলো আরও বলেছে, মাওবাদীদের অব্যাহত অবরোধের মুখে নেপালের জনগণ মানবিক ত্রাণ-সাহায্য এবং ওষুধ ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এদের মধ্যে শিশুরাই সবচে বেশি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত। তারা প্রয়োজনীয় ভিটামিন এবং ওষুধ পাচ্ছে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নেপালে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ থাকায় শিশু মৃত্যুর হার সাম্প্রতিককালে বেড়ে গেছে।  

এছাড়া পশ্চিম নেপালে ১ লাখ ভুটানি শরণার্থীর ভাগ্যেও বিপর্যয় দেখা দিয়েছে। কারণ নেপালে অবরোধ অব্যাহত থাকায় তারা ত্রাণসামগ্রী পাচ্ছে না।

বার্তা সংস্থা জানায়, বিবৃতিটি ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু জোরালো। তারা বলেন, নিরাপত্তা বাহিনী এবং মাওবাদী গেরিলাদের উচিত সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করা এবং ত্রাণসামগ্রী বিতরণে নিশ্চয়তা দেয়া।

নেপাল সফর শেষে মানবাধিকার সংগঠন আইসিজের মহাসচিব নিকোলাস হোয়েন বলেন, “আমাদের সফরে এটা স্পষ্ট হয়েছে যে সরকারের দমন এবং নিয়ন্ত্রণের কারণে মানবাধিকার কর্মীরা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে রয়েছে। আর সেখানে সরকারের কোনও সমালোচনা সহ্য করা হয় না।”