২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টাল সেন্টারে অ্যানথ্রাক্সের সন্ধান পায়নি পেন্টাগন

বন্ধ হয়ে যাওয়া দুটি পোস্টাল সেন্টারে পেন্টাগন ভয়াবহ অ্যানথাক্স জীবাণুর সন্ধান পায়নি। ওয়াশিংটনের প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা মঙ্গলবার একথা জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

প্রতিরক্ষা বিভাগের স্বাস্থ্য বিষয়ক সহকারী কর্মকর্তা উইলিয়াম উইংকেনওয়ারডার বলেন, পরীক্ষার ফলে পুনরায় নিশ্চিত করা গেছে, পোস্টাল সেন্টারে অ্যানথাক্সের জীবাণুর সন্ধান মেলেনি। আর এর ফলে অ্যানথাক্স নিয়ে গুজবের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘ডাক সংক্রান্ত বিভিন্ন উপকরণে অ্যানথাক্স জীবাণু থাকার ঘটনাটি আমাদের কাছে প্রমাণিত হয়নি।’ 

উইংকেনওয়ারডার উল্লেখ করেন, পেন্টাগনের একটি মেইলে অ্যানথ্রাক্স জীবাণু থাকার বিষয়টি আমাদের কাছে প্রাথমিক তদন্তে ধরা পড়েছিলো। কিন্তু পরবর্তীকালে পেন্টাগনের বিভিন্ন স্থান এবং আশপাশের আরো বেশ কয়েকটি এলাকায় পরীক্ষা চালিয়ে অ্যানথ্রাক্স জীবাণু থাকার বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়নি।’

তিনি আরও বলেন,‘এসব প্রমাণের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি, সত্যিকার অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রে  অ্যানথ্রাক্স আক্রমন সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা ক্ষীণ।’

তিনি আশা প্রকাশ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার সংশ্লিষ্ট বিষয়ে একটি সুনির্দিষ্ট বিবৃতি প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ফ্লোরিডা এবং অন্যান্য স্থানে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছিলো।