২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট বুশ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহবান জানিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, মুসলিম জঙ্গি সংগঠন হিজবুল্লাহকে প্রমাণ করতে হবে, তারা সন্ত্রাসী গোষ্ঠি নয়। এজন্য তাদের অস্ত্র সমর্পন করতে এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় হুমকি দেয়া থেকে বিরত থাকতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

প্রেসিডেন্ট বুশ বলেন, ‘আমরা হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করি।’

লেবাননে হিজবুল্লাহ একটি শক্তিশালী এবং সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠি হিসেবে পরিচিত। গত সপ্তাহে হিজবুল্লাহকে সিরিয়াপন্থীদের পক্ষে সমবেত হতে দেখা যায়। হিজবুল্লার আহবানে হাজার হাজার মানুষ সাড়া দেয় এবং বৈরুতের বিভিন্ন রাস্তায় দামেস্কের পক্ষে মিছিল করে।

হিজবুল্লাহর কয়েক হাজার গেরিলা যোদ্ধা রয়েছে। লেবাননের আইন পরিষদে এদের ১২টি আসন রয়েছে।

জডার্নের বাদশা আবদুল্লাহর সাথে ওয়াশিংটনে এক বৈঠকের পর প্রেসিডেন্ট বুশ বলেন, ‘আমি আশা করি, অস্ত্র সমর্পন করে এবং শান্তি প্রক্রিয়ায় বাধা প্রদান না করে হিজবুল্লাহ প্রমাণ করবে, তারা সন্ত্রাসী গোষ্ঠি নয়’।

হিজবুল্লাহ হয়তো ইসরাইল এবং ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে, এটি ভেবে এ দুই দেশের নেতা ওই বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতিসংঘ গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে লেবাননের জঙ্গি বাহিনীকে নিরস্ত্রকরণের আহবান জানায় ।

বেশ কয়েক বছর ধরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসী তালিকায় হিজবুল্লাহর নাম রয়েছে। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের হামলার ব্যাপারে হিজবুল্লাহর হাত রয়েছে বলে ওয়াশিংটন মনে করে। 

গত মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের সাথে মিশরের প্রেসিডেন্টের এক বৈঠকের পর সিরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের লেবানন ত্যাগ করতে দেখা যায়।

সিরিয়া জাতিসংঘের  কাছে প্রতিশ্র“তি দিয়েছে, সুনির্দিষ্ট মেয়াদের মধ্যে তারা তাদের ১৪,০০০ সেনা ও গোয়েন্দা প্রত্যাহার করবে।