২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ খরার কবলে থাইল্যান্ড:প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত না হবার আশংকা

দেশটিতে বিরাজমান খরা পরিস্থিতি অর্থনৈতিক উন্নয়নে বিরূপ প্রভাব ফেলতে পারে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বলেছেন ,“ অর্থনৈতিক অগ্রগতিতে খরা দারুণ প্রভাব ফেলবে। খরা দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে। যদি বৃষ্টি দেরিতে আসে তাহলে আমরা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হব।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

থাইল্যান্ডের অধিকাংশ এলাকাই খরার কবলে পড়েছে। অনেক নদীর পানি ইতোমধ্যে শুকিয়ে গেছে। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছিলেন যে ২০০৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ ভাগ থেকে ছয় দশমিক পাঁচ ভাগে উন্নীত হবে। ২০০৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিলো ছয় দশমিক একভাগ। ডিসেম্বর মাসে থাইল্যান্ডে সুনামির ফলে ছয়টি পর্যটন এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় সরকার এই অর্থনৈতিক লক্ষ্যমাত্রা থেকে সরে এসেছে। দ্বিতীয়বারের মত থাইল্যান্ডে খরার দেখা দেওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো বাধাগ্রস্ত করবে।

থাইল্যান্ডে ৭৬টি জেলার ৭০টি এলাকায় খরা দেখা দিয়েছে । আর এর ফলে দেশটির ৮৩ লক্ষমানুষ ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য. ২০০৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষিখাতের অবদান ছিলো নয় দশমিক দুই ভাগ।

শুক্রবার থাইল্যান্ডের চিয়াং মাই এলাকার ১০টি অঞ্চলকে ‘প্রাকৃতিক দুর্যোগপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক এবং জেলেদের জন্য জরুরি ত্রাণ সাহায্য অনুমোদন করা হয়েছে। এছাড়া এসব এলাকায় সাময়িক ভাবে ৬ হাজার নলকূপ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো ছাড়াও কম্বোডিয়ায় ব্যাপক আকারে খরা দেখা দিয়েছে। খরায় আক্রান্ত কম্বেডিয়া এর মধ্যেই আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।

কম্বোডিয়ায় দ্বিতীয়বারের মত ভয়াবহ খরা দেখা দিয়েছে। মেকং নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকরা তাদের ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছে।