২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মহাসচিব কফি আনানের মধ্যপ্রাচ্য সফর শুরু

জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, তিনি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় সন্তুষ্ট। গত চার বছর পর মধ্যপ্রাচ্যে এটাই তাঁর প্রথম সফর। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

কফি আনান ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সাথে সাক্ষাৎ করেছেন এবং সোমবার ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে মিলিত হবেন।

এদিকে ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা পশ্চিম তীরের শহরগুলোর হস্তান্তর প্রক্রিয়া কেন বিলম্বিত হচ্ছে তার কারণ নির্ধারন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে সোমবার আবারও আলোচনায় মিলিত হবেন।

গম মাসে মিশরের শারম আল-শেখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবার পর ইসরাইল পশ্চিম তীরের কালকিলিয়া, তুলকারাম, জেরিকো, বেথেলহাম এবং রামাল্লার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়।

কিন্তু জেরিকো শহরের প্রবেশ পথগুলোতে স্থাপিত চেকপয়েন্টগুলো উঠিয়ে নিতে ইসরাইল অস্বীকৃতি জানালে সে আলোচনা ভেস্তে যায়।

রোববার ইসরাইলে পৌঁছে জাতিসংঘ মহাসচিব কফি আনান মিশরের শারম আল-শেখ সম্মেলনের প্রশংসা করেন এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দু’দেশকেই সাহায্য করার প্রতিশ্র“তি দেন।

জাতিসংঘ, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এগিয়ে নিতে ‘রোডম্যাপ’ পরিকল্পনার খসড়া প্রণয়ন করে। চলতি মাসের শুরুতে ফিলিস্তিনকে সহযোগিতা প্রদান সংক্রান্ত লন্ডন সম্মেলনে চারপক্ষই সাহায্যের প্রতিশ্র“তি দেন।

কফি আনানের এ সফর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসরাইল ইতোমধ্যে গাজা এলাকা থেকে ২৪টি অবৈধ ইহুদি বসতি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কফি আনান এবং অন্যান্যরা ইসরাইলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

কফি আনান সোমবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন। এছাড়াও তিনি জেরুজালেমে হলুকস্ট মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।