চীন বিতর্কিত 'তাইওয়ান-আইন' পাশ করেছে
চীনের আইন পরিষদ প্রস্তাবিত এবং ইতোমধ্যেই বিতর্কিত ‘তাইওয়ান-আইন’ পাশ করেছে। তাইওয়ান যদি মূলভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার কোনও ঘোষণা দেয়ার চেষ্টা করে তাহলে চীন এ আইনের বদৌলতে সেখানে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে।
প্রেসিডেন্ট হু জিনতাও সামরিক বাহিনীকে যুদ্ধ-প্রস্তুতি গ্রহনের নির্দেশ দেওয়ার পর চীনের আইন পরিষদ ন্যাশনাল পিপলস কংগ্রেস সর্বসম্মতভাবে আইনটি পাশ করে।
রবিবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সশস্ত্রবাহিনীর উদ্দেশ্যে বলেন, সবকিছুর উর্ধ্বে জাতীয় প্রতিরক্ষাকে স্থান দিতে হবে।
তাইওয়ানকে চীন নিজস্ব ভূখন্ড বলে মনে করে। সে সূত্রেই চীন বলেছে, তাইওয়ান যদি ‘শান্তিপূর্ণ পুন:একত্রিকরণে’ রাজি না হয়, তাহলে চীন সামরিক অভিযান চালানোর অধিকার সংরক্ষন করে।
চীনের সামরিক খাতে ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাবও ন্যাশনাল কংগ্রেস পাশ করবে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে ‘বিচ্ছিন্নতা-বিরোধী আইন’ পাশ করার কথা ঘোষণা করলে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এর তীব্র সমালোচনা করেন।
সোমবার চীনের ন্যাশনাল কংগ্রেসে আইনটি পাশ করার জন্য ভোটাভুটি হয়। পক্ষে ২,৮৯৬ জন ভোট দিয়েছে, তবে বিপক্ষে কেউই ভাট দেয়নি।
চীনের দ্বিতীয় শীর্ষ নেতা উ ব্যাংগুয়ো বলেন, চীনের জনগণ যেকোনও মূল্যে তাইওয়ানকে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করার যেকোনও চেষ্টাকে প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ আইন চীনা জনগণের দৃঢ় মানসিকতারই বহি:প্রকাশ।
