চীনে এইডস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু
চীন প্রথমবারের মতো মানুষের দেহে নতুন একটি এইডস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ ঘটিয়েছে। এইডস/এইচআইভি সংকট নিরসনে চীনের ধীর পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।
শনিবার চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়া এই খবর পরিবেশন করে।
২০ বছর বয়সী এক যুবক প্রথম এই এইডস ভ্যাকসিন গ্রহণ করে। এরপর চার মহিলা সহ আরও সাতজনের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
তিন ধাপে ৪৯ জন স্বেচ্ছাসেবী এই ভ্যাকসিন গ্রহণ করে। এদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
বিশেষজ্ঞরা চীনে এইডস বিস্তারের জন্য সরকারের ধীর পদক্ষেপকেই দায়ী করেন। চীন সরকারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, সেদেশে ৮ লাখ ৪০ হাজার লোক এইচআইভি ভাইরাস বহন করছে।
উল্লেখ্য. চীনের বর্তমান লোকসংখ্যা ১৩০ কোটি। কিন্তু বিশেষজ্ঞ ও কর্মীরা বলছেন যে, চীনে কমপক্ষে ১০ থেকে ১৫ লাখ লোক এইচআইভি ভাইরাস বহন করছে।
জাতিসংঘ বলছে, চীনে এইডস মোকাবেলায় জোরালো পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী ২০১০ সালে এইচআইভি ভাইরাস বহনকারীর সংখ্যা বেড়ে এক কোটিতে ঠেকতে পারে।
২০০৩ সালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এইডস রোগের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে বেইজিং হাসপাতালে এইডস রোগীদের সাথে করমর্দন করেন। সে সময় তিনি তাদের কাছে এইডস রোগ প্রতিরোধে চীন সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
কিন্তু চীনের রাজনীতি ও পারিবারিক রক্ষণশীল মনোভাবের কারণে এই পদক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হয়।
বিশ্বে কমপক্ষে ৪ কোটি ৩০ লাখ লোক এইচআইভি ভাইরাস বহন করছে এবং এদের মধ্যে ২ কোটি ৫০ লাখ লোকের মৃত্যু ঘটেছে।
এইচআইভি ভাইরাস সাধারণত অনিরাপদ যৌন সম্পর্ক, রক্ত সরবরাহ এবং এইডস আক্রান্ত মায়ের দুধ থেকে ছড়িয়ে থাকে।
