স্পেনের মুসলমানরা লাদেনের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে
স্পেনের শীর্ষ স্থানীয় ইসলামি সংগঠন আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। ফতোয়ায় বলা হয়, লাদেন মাদ্রিদে ট্রেনে বোমা হামলার মত বিভিন্ন বোমা হামলা বা সন্ত্রাসবাজীর পক্ষে ইসলামকে দাঁড় করাচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শুক্রবার মাদ্রিদের একটি ট্রেনে বোমা হামলার প্রথম বর্ষপূর্তিতে ইসলামিক কমিশন অব স্পেন এ ফতোয়া জারি করে। ওই বোমা হামলায় ১৯১ জন নিহত হয়। কমিশনের সাধারণ সম্পাদক মনসুর ইসকুদারো বলেন, এই ফতোয়ার আইনগত দিকের চেয়ে নৈতিক দিকটি অধিকতর প্রবল। তিনি বলেন, ”আশা করি বিশ্বের অন্যান্য মুসলিম সংগঠন অনুরূপ ঘোষণা দেবে।”
কমিশন আরও বলেছে, “আমরা ঘোষণা দিয়েছি যে, ওসামা বিন লাদেন এবং তার আল কায়দা সংগঠন ১১ মার্চ মাদ্রিদে সাধারণ নিরপরাধ মানুষের ওপর হামলার জন্য দায়ী এবং এ কাজ ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়।”
কমিশন বলেছে, আল-কোরআনে নিরাপরাধ মানুষ হত্যা নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, এ কমিশনের নির্বাচিত সদস্যরা সরকারের সাথে কোনও আলোচনায় স্পেনীয় মুসলমানদের প্রতিনিধিত্ব করে থাকেন।
