ব্রাসেলসে অবসান ঘটল ইরানিদের বিমান-অবস্থান-ধর্মঘট
ব্রাসেলস এয়ারপোর্টে লুফথানসার একটি বিমান থেকে নামতে অস্বীকার করায় ব্রাসেলস পুলিশ ৫৬ ইরানি নাগরিককে গ্রেফতার করেছে। আর এ অভিযানের সাথেসাথে অবসান হয় ওই যাত্রীদের ১৩ ঘণ্টার অবস্থান ধর্মঘট। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বৃহস্পতিবার ফ্রাংকফুর্টে পৌঁছার পর ইরানি বংশোদ্ভূত এবং ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক ওই ইরানিরা বিমান থেকে নামতে অস্বীকৃতি জানায়। পরে তারা ব্রাসেলসে আসে।
ইরানিদের এ গ্র“পটি বলছে, তারা ইরানের ইসলামি শাসকদের উৎখাত করতে ইউরোপের সহযোগিতা চায়।
বিমানটিকে টার্মিনাল ভবন থেকে কিছু দূরে নেয়া হয়েছিল এবং আলোচনা ব্যর্থ হবার পর ৯০ জন পুলিশের একটি দল বিমানে ঢুকে তাদেরকে নামানোর চেষ্টা করে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৩টায় বিমানটি অবতরণের পর ১০৩ জন যাত্রীর মধ্যে অন্যান্য যাত্রী ও বিমানের ক্রুরা নেমে যায়। কিন্তু ইরানিরা অবস্থান ধর্মঘট করতে থাকে।
ধর্মঘটীদের একজন আরমিন আসগর বলেন, “আমরা ইরানের ইসলামি সরকার উৎখাতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাই।”
তিনি ইরানের আঞ্জুমানে বাদশাহীর একজন সদস্য ছিলেন। এরা ইরানে পুনরায় রাজতন্ত্র কায়েম করতে চায়। ১৯৭৯ সালে ইরানে এক বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র উচ্ছেদ হয়েছিল।
এদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই গ্র“পটি তাদের সঙ্গে কোনও রকম সংঘাতে না গিয়েই সমঝোতায় পৌঁছেছে।
