মার্কিন সাংবাদিকরা চান সরকার আরও উদার হোক
যুক্তরাষ্ট্র সরকারের স্বচ্ছতা ও দায়বদ্ধতা এবং জনগনের অবাধ তথ্য-প্রবেশাধিকার নিশ্চিত করতে অনুকূল নীতি পরিবর্তনের উদ্যেগ নিয়েছে এসোসিয়েটেড প্রেসসহ সাতটি সাংবাদিক সংগঠন।
সানসাইন ইন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নামের এ উদ্যোগ ২০০১ সালের সালের সন্ত্রাসী আক্রমনের পরিপ্রেক্ষিতে সরকার গোপনীয়তা রক্ষায় যেসব কড়াকড়ি আরোপ করেছে সেগুলো মোকাবিলার চেষ্টা করবে।
তারা এ ব্যাপারে আইন প্রণয়নের জন্য লবি করবে এবং জনগনকে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর ব্যাপারে সচেতন করে তোলার চেষ্টা করবে।
এপি সভাপতি এবং সাংবাদিক জোটের প্রধান টম কার্লি বলেন, “জনগণের বিশ্বাসের ওপরই জাতীয় নিরাপত্তা নির্ভরশীল। রাষ্ট্র কর্তৃক গোপনীয়তা রক্ষার যে প্রবনতা দেখা যাচ্ছে তা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। প্রতিটি ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
“সানসাইন উইক” শিরোনামে এপির নেতৃত্বে অর্ধ শতাধিক সংবাদ সংস্থা, সাংবাদিক সংগঠন, বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান লাইব্রেরী এসোসিয়েশন সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবিতে সপ্তাহব্যাপী প্রচারাভিযান শুরু করেছে।
তারা মনে করে, ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর থেকে সরকারের গোপনীয়তা বৃদ্ধি পেয়েছে। অত্যধিক গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে সরকার যে পদক্ষেপ নিয়েছে প্রতিরোধ করতে হলে এ সংক্রান্ত প্রচলিত আইনের সংশোধন প্রয়োজন।
