২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল ক্লিনটন এ সপ্তাহে আবার হাসপাতালে ভর্তি হবেন

হার্টের বাইপাস অপারেশনের ছয় মাস পর টিস্যুজনিত আরেকটি অপারেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এ সপ্তাহে আবারও হাসপাতালে ভর্তি হবেন। খবর বিভিন্ন বার্তাসংন্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ওয়াশিংটন থেকে মঙ্গলবার প্রেসিডেন্ট ক্লিনটন বলেন, ‘আমি ভাল বোধ করছি।’ তিনি আরও জানান, অপারেশনের আগেরদিন ফ্লোরিডাতে একবার গলফ খেলার ইচ্ছা আছে তার।

প্রেসিডেন্ট ক্লিনটন নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে অথবা কলম্বিয়া মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার ভর্তি হবেন। হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, তার এ অপারেশন ঝুঁকিপূর্ণ নয়।

প্রেসিডেন্ট ক্লিনটন জানান, সম্প্রতি ডাক্তাররা একটি এক্সরের মাধ্যমে তার শরীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন। এ অপারেশনটি সাদামাটা ধরনের বলে তিনি উল্লেখ করেন। এ অপরারেশনের মাধ্যমে তার বুকের টিস্যুকে আরও কর্মক্ষম ও নিখুঁত করে তোলা হবে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, গত মাসে জর্জ বুশের সাথে সুনামিদুর্গত এলাকা পরিদর্শনের আগে থেকেই তিনি এ অপারেশনের কথা জানতেন। ডাক্তাররা তাকে বলেছিলেন, অপারেশনের পর তিনি কোথাও যেতে পারবেন না। এ কারণেই তিনি সুনামিদুর্গত এলাকা থেকে ফিরে এসে হাসপাতালে ভর্তি হওয়ার তারিখ নির্ধারণ করেন।

একটি বার্তাসংস্থা জানায়, সুনামিদুর্গতদের সাহায্য করার জন্য তিনি প্রেসিডেন্ট বুশের সাথে বুধবারে চ্যারিটি গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

ক্লিনটন এ ব্যাপারে একটি বার্তাসংস্থার কাছে বলেন, ‘আমি ভাল আছি এবং আমার এ অপারেশনটা বড় ধরনের নয়।’