২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতি নারীদের সমানাধিকার: সংসদ আইন প্রনয়ণে সম্মত হয়েছে

রাজনৈতিক সমানাধিকার আদায়ের লক্ষ্যে কুয়েতি মহিলারা যে দাবি জানিয়ে আসছিল কুয়েতের সংসদ তা বিবেচনায় নিয়ে আইন প্রনয়ণ করতে সম্মত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সম অধিকার আদায়ের লক্ষ্যে কুয়েতি মহিলাদের ধারাবাহিক প্রতিবাদ, বিক্ষোভ ও আন্দোলনের মুখে কুয়েতের সংসদ নারীদের জন্য উক্ত আইন প্রনয়ণ করার সিদ্ধান্ত নেয়।

সংসদে বিতর্ক চলা কালে নারী কর্মীদের সেখানে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। উপস্থিত নারী অধিকার কর্মীরা তাদের দাবির সপক্ষে একজন সংসদ সদস্য বক্তব্য উপস্থাপন করলে তাকে সরবে, করতালি দিয়ে অভিনন্দন জানায়।

কিন্তু  সংসদ কর্তৃপক্ষ গোলযোগের অজুহাতে একপর্যায়ে দর্শক গ্যালারি খালি করার নির্দেশ দেন।

ইতোমধ্যেই কুয়েতি মন্ত্রী পরিষদ নারীদের ভোট দেওয়া ও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একটি বিল অনুমোদন করেছে। কিন্তু কুয়েতের একটি কট্টরপন্থী ইসলামি জোটের বিরোধিতার কারণে বিলটি পাস হতে বিলম্ব হচ্ছে।

নারীদের সম অধিকারের সপক্ষে জনমত গড়ে তোলার জন্য কুয়েতি সরকার রেডিও-টেলিভিশনে ব্যাপক প্রচারণা চালিয়েছে, যা কুয়েতের মত একটি দেশের জন্য নজিরবিহীন ঘটনা। কুয়েতে প্রায় প্রতিদিনই রক্ষনশীলরা প্রস্তাবিত আইনের বিরোধিতা করে মিছিল করছে।

অপরদিকে কুয়েতি নারীরাও পিছু হঠতে নারাজ। তারা ’এখনই নারীদের সম অধিকার চাই,’ ’ইসলাম নারীদের সম অধিকার অগ্রাহ্য করে না’ লেখা প্লেকার্ড নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করছে।

উল্লেখ্য, কুয়েতি মহিলারা কূটনীতি, ব্যবসা এবং শিল্প-কারখানায় কাজ করলেও অর্থাৎ পুরুষের পাশাপাশি কাজ করার সুযোগ তাদের থাকলেও নির্বাচনে ভোট দিতে পারে না এবং প্রার্থী হতে পারে না।