বিহারে কেন্দ্রীয় শাসন জারির সিদ্ধান্ত
সরকার গঠনে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের এক সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রীসভা বলে, যেহেতু কোনও দল বা জোট সরকার গঠন করতে পারছেনা, সেহেতু বিদ্যমান পরিস্থিতিতে কেন্দ্রীয় শাসন জারি ভিন্ন অন্য কোনও উপায় নেই। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মন্ত্রীপরিষদ এ সিদ্ধান্ত নেয়ার সময় রেলওয়ে এবং রাসায়নিক মন্ত্রীদ্বয় অনুপস্থিত ছিলেন, তারা উভয়েই বিহারের রাজনীতিবিদ এবং তারা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বয়কট করেন।
এ সিদ্ধান্ত রাষ্ট্রপতি কতৃক অনুমোদিত হলে বিহার রাজ্যে লালু প্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি দেবীর দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটবে।
অবশ্য রাাষ্ট্রপতি ইচ্ছা করলে- তাঁর পূর্বসূরীদের কেউ কেউ এ কাজ করেছেন- কেন্দ্রীয় শাসন জারির এ সিদ্ধান্ত পুন:বিবেচনা করতে পারেন।
ভারতের দরিদ্র ও উচ্ছৃঙ্খল অঙ্গ রাজ্যগুলোর মধ্যে বিহার অন্যতম।
সদ্য সমাপ্ত নির্বাচনে ২৪৩ আসনের বিধান সভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১২২ আসন প্রয়োজন, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা কোনও দল বা জোট অর্জন করতে পারেনি।
বিহারে দীর্ঘ ১৫ বছর ধরে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) শাসন করে আসলেও এবার এবার দলটি মাত্র ৭৫ আসনে জয় লাভ করে, ফলে এবার এককভাবে সরকার গঠন আরজেডি’র পক্ষে সম্ভব হয়নি ।
