২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল পশ্চিম তীরের পুন:দখলকৃত শহর ফিলিস্তিনের কাছে হস্তান্তর করতে রাজি

ইসরাইল রোববার পুন:দখলকৃত পশ্চিম তীরের পাঁচটি শহর ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। স্থগিত শান্তি আলোচনা পুনরায় শুরুর পর ইসরাইল এ সিদ্ধান্ত গ্রহন করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গত সাড়ে চার বছর ধরে ইসরাইল যেসব শহর পুনর্দখল করে আছে, সেসব শহর থেকে যদি সৈন্য প্রত্যাহার না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের দাবি অনুযায়ী ঐসব এলাকায় জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়।

গত মাসের শেষদিকে মিশরে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনের প্রাক্কালে ইসরাইল পাঁচটি শহর হস্তান্তরের ব্যাপারে প্রতিজ্ঞা করে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি তেলআবিবে বোমা বিস্ফোরণে পাঁচ ইসরাইলির মৃত্যুর ঘটলে ইসরাইল সে ব্যাপারে আর অগ্রসর হয়নি।

বিলম্বিত ইসরাইলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে দুই পক্ষের সেনা কর্মকর্তারা রোববার এক আলোচনায় বসেন। একজন উর্ধ্বতন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মী রয়টার্সকে বলেন, মঙ্গলবার তারা তুলকারেমের নিরাপত্তার দায়-দায়িত্ব গ্রহন করবেন।

ইসরাইলি কর্মকর্তারা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলোচনার শেষ করেছেন। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরাইল কবে শহরগুলো হস্তান্তর করবে তা নির্ধারিত হয়নি।

ফিলিস্তিনিদের কাছে যে শহরগুলো হস্তান্তর করা হবে, সে শহরগুলো ১৯৯৩ সালের শান্তিচুক্তি অনুযায়ী তাদেরই অধীনে ছিল। কিন্তু ২০০০ সালের সেপ্টেম্বরে ইন্তিফাদা শুরু হওয়ার পর ইসরাইল ঐ শহরগুলো পুন:দখল করে।

সম্প্রতি ইসরাইল এবং ফিলিস্তিনের কর্মকর্তারা নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে আলাপ-আলোচনা পুনরায় শুরু করেছেন। তেলআবিবে বোমা বিস্ফোরণের ঘটনায় ফিলিস্তিন দামেস্কভিত্তিক পাঁচ ইসলামী জঙ্গিকে গ্রেপ্তার করলে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়।