সোমবার লেবানন থেকে সিরীয় সৈন্য প্রত্যাহার শুরু
সোমবারে লেবানন থেকে সিরীয় সৈন্য প্রত্যাহার শুরু হচ্ছে বলে লেবাননের প্রতিরক্ষামন্ত্রী আবদেল রহিম মারাদ জানান। তিনি বলেন, দুই পর্যায়ের প্রত্যাহার পরিকল্পনার আওতায় সিরীয় সৈন্যদের প্রথমে পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় এবং পরে সিরীয় সীমান্তে মোতায়েন করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ এ ব্যাপারে আলোচনা করার জন্য সোমবার লেবাননের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, লেবানন থেকে সেনা প্রত্যাহার যথেষ্ট মাত্রায় হচ্ছে না। আবার হেজবুল্লাহ গেরিলারা বলেছে যুক্তরাষ্ট্রের মনোভাব আগ্রাসনমূলক, তারা এর নিন্দা জানিয়েছে।
সিরিয়াপন্থী গেরিলারা লেবানন থেকে সিরীয় সৈন্য প্রত্যাহারের ব্যাপারে জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে।
প্রেসিডেন্ট আসাদ তীব্র আন্তর্জাতিক চাপের মুখে শনিবার আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রতিরক্ষামন্ত্রী মারাদ জানান, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ এবং লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ দামেস্কে এক বৈঠকে মিলিত হবার পরপরই সৈন্য প্রত্যাহার শুরু হবে।
সিরিয়ার অভিবাসন মন্ত্রী বুথাইনা শাবান বিবিসিকে বলেন, বিশ্ব যেভাবে সেনা প্রত্যাহারের কথা ভাবছে, তারচেয়েও দ্রুততার সাথে এ কাজ সম্পন্ন হবে।
বৈরুতে অবস্থানরত বিবিসি’র সংবাদদাতা বারবারা প্লেট বলেন, প্রথম ধাপে পাঁচ হাজার সৈন্য এবং দ্বিতীয় ধাপে ১৫ হাজার সৈন্য সীমান্তে ফিরিয়ে নেওয়া হবে।
