পাকিস্তানের বর্তমান রাজনীতিতে আমার কোনও স্থান নেই : বেনজির
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র চেয়ারপারসন বেনজির ভুট্টো বলেছেন যে, পাকিস্তানের চলমান রাজনীতিতে তার কোনও স্থান নেই। ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকা(ভোয়া)কে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে বেনজির ভুট্টো বলেন, “আমাকে বলা হয়েছে যে, আমার স্বামী আসিফ আলী জারদারি ও অপর কয়েকজন বিরোধী রাজনীতিকের মুক্তির পর আমার পাকিস্তানে ফিরে যাওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, সরকার ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে যোগাযোগ স্থাপিত হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় যে, সরকারের সাথে পিপিপি’র কোনও প্রকার চুক্তি হয়েছে। তিনি বলেন, “ রাজনৈতিক যোগাযোগ স্থাপন আর চুক্তি করা এক বিষয় নয়। তবে আমি বিশ্বাস করি যে, এক্ষেত্রে যোগাযোগ স্থাপন খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি ২০০৭ সালের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। কিন্তু প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তা’তে সম্মত নন।
বেনজির নিশ্চিত করে বলেন, আগামী মাসে পাকিস্তানে ফিরে যাবার পর আসিফ জারদারি তাঁর পার্টির দায়িত্বভার গ্রহণ করবেন। ভয়েস অব আমেরিকা জানায়, বেনজির ভুট্টো তাঁর প্রচারণায় সমর্থন আদায়ের জন্য ওয়াশিংটনে রয়েছেন। কিন্তু সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র হওয়ায় বেনজিরের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় কঠিন হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলে দেয়া অপর এক সাক্ষাৎকারে বেনজির বলেন, তাঁর দল নির্বাচনের জন্য পুন:পুন দাবি জানিয়ে যাচ্ছে। তাঁর বিশ্বাস, নির্বাচন হলে শিক্ষিত ও উদার রাজনৈতিক শক্তিই জয়ী হবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাজনীতির গতিমুখ যদি অপরিবর্তিত থাকে তাহলে পাকিস্তানে রাজনৈতিক বিক্ষোভ, অসন্তোষ বাড়বে। আর সেটা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, “আমার প্রথম বিবেচনা পাকিস্তানি জনগণের স্বাধীনতা ও মুক্তি। একজন রাজনীতিবিদ হিসেবে এ ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এখনও আমি পাকিস্তানের অন্যতম বড় দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছি।”
বেনজির আরও বলেন, “আমি দেশে ফিরে যেতে চাই। পাকিস্তানে গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই।”
