২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া লেবানন থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ লেবানন থেকে সিরীয় সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি জানান, লেবাননে মোতায়েনকৃত সৈন্যদের প্রথমে পূর্ব বেকা উপত্যকা এবং পরে সিরীয় সীমান্তে মোতায়েন করা হবে । খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এ ঘোষণা যথেষ্ট নয়; লেবানন থেকে সিরিয়ার সকল সেনা প্রত্যাহার করতে হবে।

গত ফেব্র“য়ারি মাসে লেবাননে গাড়ি বোমা বিস্ফোরণে সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির মৃত্যুর পর লেবানন থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ব্যাপক চাপের মধ্যে আছে সিরিয়া।

লেবাননের বিরোধী দলীয় নেতা ওয়ালিদ জুমব্লাত সিরীয় প্রেসিডেন্টের এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে লেবানন থেকে সিরীয় সৈন্যদের প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান।

লেবাননের রাজধানী বৈরুতের সেন্ট্রাল স্কোয়ারে হাজার হাজার মানুষ জড়ো হয়ে সিরীয় প্রেসিডেন্টের ভাষণ শোনেন।

সিরিয়ার টেলিভিশনে প্রচারিত ভাষণে বাশার আল-আসাদ বলেন,  সৈন্য প্রত্যাহারের ব্যাপারে লেবাননীরা ঐকমত্যে পৌঁছানো মাত্রই আমরা কাজ শুরু করবো, সেখানে অতিরিক্ত একদিনও অবস্থান করবো না।”

তিনি আরও বলেন, সৈন্য প্রত্যাহৃত হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৫৯ নং প্রস্তাব ও তায়েফ চুক্তি বাস্তবায়নের ব্যাপারে সিরিয়া ও লেবানন যে অঙ্গীকার করেছিল তা পূরণ হবে। 

১৯৮৯ সালে সম্পাদিত তায়েফ চুক্তি মোতাবেক লেবাননে গৃহযুদ্ধের অবসান ঘটেছিল। ঐ চুক্তিতে সিরীয় সৈন্যের পর্যায়ক্রমিক প্রত্যাহারের কথা বলা হয়েছিল।

বাশার আল-আসাদ আরও বলেন, সিরিয়া লেবানন থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণার বিরোধী নয়। সিরীয় সেনাদের জন্য একমাত্র সিরিয়াই উপযুক্ত স্থান।

পার্লামেন্ট ভাষণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ লেবাননের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডকে জঘন্য হিসেবে বর্ণনা করে বলেন এ হত্যাকাণ্ড লেবাননের এবং সেই সাথে সিরিয়ার স্থিতি ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘোষণা যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স লেবানন থেকে আংশিক নয় বরং সকল সেনা প্রত্যাহারের কথা বলেছে।”

প্রেসিডেন্ট আসাদের ভাষণের পর সিরিয়ার একজন মন্ত্রী বলেন, সিরিয়া লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করে সিরীয় সীমান্তে মোতায়েন রাখবে।

সিরিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী বুথাইনা শাবান বলেন, “ব্যাপারটি খুবই স্পষ্ট। যখন কোনও দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয় তখন প্রত্যাহৃত সেনাদের সীমান্তবর্তী অঞ্চলেই  মোতায়েন রাখা হয়।”

তিনি আরও বলেন, “সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এবং সম্ভাব্য সল্প সময়ের মধ্যেই তা নেয়া হবে।”

ইসরাইলের উপ-প্রধামন্ত্রী শিমন পেরেজ বলেন, লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহার করা হলে লেবাননের সঙ্গে শান্তি আলোচনায় বসতে তাদের কোনও আপত্তি নেই।