গিউলিয়ানা মার্কিন হামলার বর্ণনা দিলেন
ইতালীয় সাংবাদিক গিউলিয়ানা সেগ্রেনা ইরাকে তার ওপর মার্কিন সৈন্যদের গুলি বর্ষনের ঘটনার বর্ননা দিয়েছেন। ইরাকী অপহরণকারীদের হাতে এক মাস জিম্মি থাকার পর গত শুক্রবার মুক্তি পাওয়ার পরপরই দেশে ফেরার পথে মার্কিন সৈন্যদের গুলিতে তিনি আহত হন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
গিউলিয়ানাকে বহনকারী গাড়িটি দ্রুত চেক পয়েন্ট পার হবার সময় গুলি ছোঁড়া হয় বলে মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য তিনি অস্বীকার করেন।
ওই ঘটনায় নিহত ইতালীয় গোয়েন্দা এজেন্ট নিকোলা ক্যালিপারির লাশ রোমে পাঠানো হয়।
তিনি রাই রেডিওকে বলেন, আমরা ভেবেছিলাম, বিপজ্জনক এলাকা আমরা পেরিয়ে এসেছি। তাই ইতালীতে এখন কি ঘটছে, তা ই নিয়ে আলোচনা করছিলাম। গুলির শব্দের সাথে সাথে নিকোলা আমার ওপর হুমড়ি খেয়ে পড়েন। সম্ভবত আমাকে রক্ষা করার জন্যই। তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান এবং আমি বুঝতে পারি যে, তিনি মারা গেছেন। সত্যিই এ দৃশ্য আমার জন্য ভয়ঙ্কর ছিল।
গিউলিয়ানাকে গত ৪ ফেব্র“য়ারি অপহরণ করা হয়। তিনি কিভাবে ছাড়া পেলেন, তা জানা না গেলেও ধারনা করা হচ্ছে যে, মুক্তিপণের মাধ্যমেই তিনি মুক্ত হয়েছেন। ইতালীয় গোয়েন্দা কর্মকর্তা নিকোলা ক্যালিপারি সাহসিকতার সাথে গিউলিয়ানার জীবন বাঁচিয়ে শনিবারের ইতালীয় পত্র-পত্রিকায় জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন।
ইতালীর প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকনি এ গুলিবর্ষণের ঘটনার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেন। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এ ঘটনার জন্য টেলিফোনে বার্লোসকনির কাছে দুঃখ প্রকাশ করেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
