সোমালিয়ায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিমান ঘেরাও
সোমালিয়ার সশস্ত্র মিলিশিয়ারা সেদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বহনকারী দুটি বিমান ঘেরাও করে রেখেছে। আইন-শৃঙ্খলায় চরম বিপর্যস্তদেশটির বিভিন্ন অংশ সফর শেষে তারা বাইদোয়া বিমানবন্দরে অবতরন করার পর মিলিশিয়ারা বিমানটিকে ঘিরে ধরে।
বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, মিলিশিয়ারা বিমানটিকে ঘিরে ধরলে লোকজন প্রাণের ভয়ে ছুটাছুটি শুরু করে এবং সেখানে অরাজক অবস্থার সৃষ্টি হয়। মিলিশিয়ারা বিমান দুটি পাহারা দেওয়া বাবদ ভাতা দাবি করেছে।
স্থানীয় এক যুদ্ধবাজ নেতার হস্তক্ষেপে বিমানারোহীদের পাশ্ববর্তী দেশ কেনিয়ায় অবতরনের ব্যবস্থা করা হয়, সেখানেই সোমালি সরকারের প্রশাসনিক কেন্দ্র।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর এ সফরের উদ্দেশ্য ছিল বিপর্যস্ত প্রশাসনিক স্থাপনা ও কেন্দ্রগুলো ঘুরে দেখা। কিন্তু ১০ দিনের সফরে প্রেসিডেন্ট আব্দুল্লাহি ইউসুফ আহমেদ এবং তার সমর্থকরা বহুধা বিভক্ত ও বিধস্ত রাজধানী শহর মোগাদিসুতে যাননি।
সোমালিয়াতে ১৯৯৯ সাল থেকেই কোনও কার্যকর সরকার নেই। দেশটিতে ৬০ হাজারের মত সশস্ত্র মিলিশিয়া রয়েছে। সেসময় থেকে বিদ্রোহী সেনাবাহিনীর অনেক কর্মকর্তাই যে যেভাবে পারেন দেশটির ওপর নিয়ন্ত্রন বজায় রাখার লড়াইয়ে নিজেদের ব্যস্ত রেখেছেন।
