২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু’শ ভারতীয় বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন মোশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দু’শ ভারতীয় বন্দিকে সত্বর মুক্তির নির্দেশ দিয়েছেন। এসব বন্দির অধিকাংশই বৈধ কাগজপত্রাদি ছাড়া পাকিস্তানে প্রবেশ করেছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

আবার অনেক বন্দিই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ হয়ে ইরানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

পাকিস্তান সফররত ভারতের বামপন্থীদের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে সাক্ষাতকালে মোশাররফ একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরির আমন্ত্রণে ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআই) সাধারণ সম্পাদক এবি বর্ধন এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসিস্ট)-এর সাধারণ সম্পাদক হরকিষাণ সিং সুরজিতের নেতৃত্বাধীন দলটি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে।

৮২ বছর বয়সী এবি বর্ধন বলেন, “আমরা প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে বন্দিদের মুক্তির বিষয় নিয়ে কথা বলেছি এবং তিনি দু’শ ভারতীয় বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।”

তিনি বলেন, ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তার শাসনামলে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার করতে চান। আমরা প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাহসিকতা, আন্তরিকতা এবং নমনীয়তা দেখে অভিভুত হয়েছি।”

বাগলিহর বাঁধ নির্মাণ নিয়েও ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতারা প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে আলাপ আলোচনা করেন। এসময় মোশাররফ বলেন, বাঁধ নির্মাণের বিষয়টি ভারত সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। পাকিস্তান এ নিয়ে কোনও ঝামেলা করতে চায় না।

এবি বর্ধন আরও বলেন, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর আমরা অনুধাবন করতে পারছি যে প্রেসিডেন্ট মোশাররফ ভারতের সাথে সকল বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী। আমরা বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। কিন্তু সেটা ভারতের নিরাপত্তার স্বার্থে এ মূহুর্তে প্রকাশ করা যাবে না।