২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ৩ ব্রিটিশ অপহৃত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা ক্রসিংয়ের কাছে বন্দুকধারীরা এক ব্রিটিশ সাহায্যকর্মী ও তার পিতামাতাকে অপহরণ করেছে। ফিলিস্তিনি পুলিশ এ খবর জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 10:32 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

অপহৃত সাহায্যকর্মী স্কট ক্যাট বার্টন (২৪) গাজাভিত্তিক মানবাধিকার সংগঠন আল মিজানের সদস্য। তবে তার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ব্রিটিশ পরিবারটিকে উদ্ধার করতে গাজায় বড় ধরনের নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

ওই এলাকায় বিদেশী নাগরিক অপহরণের ঘটনা নতুন নয়। অপহরণের কিছুক্ষণ পরই সাধারণত অপহৃতদের ছেড়ে দেয়া হয়।

গত সপ্তাহেও বন্দুকধারীরা দু’জন বিদেশী শিক্ষককে অপহরণ করার পর খুব দ্রুত অক্ষত অবস্থায় তাদের মুক্তি দেয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কাজ, অর্থ আদায় অথবা আটককৃত বন্দিদের ছেড়ে দিতে চাপ হিসেবে জঙ্গিবাদী সংগঠনের সদস্যরা সাধারণত অপহৃতদের ব্যবহার করে।

তবে সর্বশেষ অপহরণের ঘটনার কারণ এবং অপহরণকারীদের দাবি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর অপহরণের ঘটনার কথা স্বীকার করেছে। তবে তারা এ ব্যাপারে কোন কিছু বিস্তারিত জানাতে পারেনি।

জেরুজালেমে ব্রিটিশ কনসুলেট জেনারেল ফ্রাঙ্ক ম্যাকগিনলি জানান, কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন।

রাফায় ফিলিস্তিনি পুলিশ কমান্ডার সাংবাদিকদের জানান, স্থানীয় সময় বুধবার ১৬০০টায় (গ্রীনিচ মান সময় ১৪০০টায়) ব্রিটেনের নাগরিকদের অপহরণ করা হয়।

তিনি জানান, অপহৃতরা সীমান্ত পারাপার থেকে ২০০ মিটার দূরে একটি গাড়িতে অবস্থান করছিল। অপর একটি যান থেকে বন্দুকধারীরা তাদের কাছে এসে তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে।