শ্রীলঙ্কায় তামিল গেরিলাদের হামলায় নিহত ১০
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে জাফনা দ্বীপে মঙ্গলবার তামিল গেরিলারা সেনাদের ওপর হামলা চালালে ১০ সেনাসদস্য নিহত হয়। এক সপ্তাহের কম সময়ের মধ্যে সেনাবাহিনীর ওপর দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলা চালানো হল।
সেনাবাহিনীর টহলরত একটি দলের ওপর আত্মঘাতী গেরিলারা এ হামলা চালায়। সেনাবাহিনীর মুখপাত্র প্রসাদ সমর সিং বলেন, অবশ্যই তামিল গেরিলারা এ হামলার সাথে জড়িত। তারা ছাড়া জাফনা দ্বীপে এ ধরনের ভয়াবহ হামলা চালানোর সামর্থ আর কারও নেই।
অপর এক সেনা কর্মকর্তা বলেন, হামলার পর অন্ততপক্ষে চারজন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার এ ধরনের আরেকটি হামলায় তামিল গেরিলারা ভূমি মাইন ও রকেট চালিত গ্রেনেড ব্যবহার জাফনার উত্তর-পশ্চিম অংশে ১৩ সেনাকে হত্যা করে।
অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রধান দাতা দেশ জাপান, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তামিল গেরিলাদের সাথে আলোচনার জন্য একজন সিনিয়র প্রতিনিধিকে শ্রীলঙ্কায় পাঠাবে।
তামিলদের প্রতিনিধিত্বকারী একজন সাংসদ বাত্তিকোলা জেলায় ক্রিসমাসের অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় নিহত হওয়ার দু’দিন পর এ ঘটনা ঘটল।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে তামিল টাইগারদের কোনও রকম ছাড় দেওয়ার বিপক্ষে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করে স্বাধীন তামিল আবাসভূমির সম্ভবনাও উড়িয়ে দেন।
