ইরাকজুড়ে সহিংসতায় মার্কিন সেনাসহ নিহত ২২
ইরাকজুড়ে পৃথক পৃথক সহিংস ঘটনায় কমপক্ষে ২১ ইরাকি ও এক মার্কিন সেনা নিহত হয়েছে।
ইরাকে ১৫ ডিসেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর একদিনে এত বেশী লোক নিহত হওয়ার ঘটনা ঘটলো।
পুলিশ জানিয়েছে, বাকুবার কাছে এক চেকপয়েন্টে পুলিশের সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ ও ছয় বিদ্রোহী নিহত হয়েছে।
মার্কিন ও ইরাকি সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদে পাঁচটি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আট ব্যক্তি নিহত হয়েছে।
বাকুবা ও নাজাফে রাজনীতিবিদদের লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।
প্রথম হামলায় দিয়ালা প্রদেশের গভর্নর একটি গাড়ি বোমা হামলায় প্রাণে বেঁচে গেলেও তার দেহরক্ষী নিহত হয়েছে এবং অপর দুইজন আহত হয়েছে।
পুলিশের ভাষ্য মতে, বাকুবার কাছাকাছি বুরুজ এলাকার একটি চেকপয়েন্টে ৩০ জনের মত বিদ্রোহী হামলা চালায়।
বন্দুকধারীরা একটি মিনিবাস থেকে নেমে চেকপয়েন্ট লক্ষ্য করে মর্টার রাউন্ড ও রকেট-চালিত গ্রেনেড বর্ষণ করতে শুরু করে।
ইরাকের আল-কায়েদা শাখা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, হামলা চালিয়ে তারা ২০ পুলিশ সদস্যকে হত্যা করেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাগদাদে একটি রকেটচালিত গ্রেনেড টহলরত একজন মার্কিন সেনাকে আঘাত করলে সে মারা যায়।
বাগদাদে রোববার টহলরত মার্কিন সেনাদের উপর বোমা হামলা চালানো হলে দুই মার্কিন সেনা নিহত হয়।
