২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা সঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের ডানপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ও বেতার স্টেশনে পশ্চিমা ও অশ্লীল সঙ্গীত সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 09:22 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ইরানের সুপ্রিম কালচারাল রেভ্যুলুশনারী কাউন্সিল এর আগে অক্টোবরে বেতারে পশ্চিমা সঙ্গীত প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি রুলিং জারি করেছিল।

সুপ্রিম কালচারাল রেভ্যুলুশনারী কাউন্সিলের প্রধান হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।

কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং থেকে অশ্লীল ও পশ্চিমা সঙ্গীত প্রচারে বাধা দেয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

নতুন এ নিষেধাজ্ঞার ফলে এরিক ক্ল্যাপ্টন এবং জর্জ মাইকেলের মত সঙ্গীতশিল্পীর গান প্রচারের উপর প্রভাব পড়বে।

ইরানের টেলিভিশন অনুষ্ঠানগুলোতে আবহ সঙ্গীত হিসেবে প্রায়ই ক্ল্যাপ্টনের রাশ, মাইকেলের কেয়ারলেস হুইসপার এবং দি ঈগলসের হোটেল ক্যালিফোর্নিয়া গানগুলো ব্যবহার করা হয়।

এদিকে রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশন ও বেতারে পশ্চিমা সঙ্গীত প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় ইরানের টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী গিটারিস্ট বাবাক রিয়াহিপুর ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এটা একটি ভয়ানক ব্যাপার। সিদ্ধান্তটি জ্ঞান ও অভিজ্ঞতার অভাবকে ফুটিয়ে তুলেছে।

অক্টোবরের রুলিংয়ের কথা উল্লেখ করে কাউন্সিল তার ওয়েব সাইটে জানায়, আধ্যাত্মিক চলচ্চিত্রকে সহযোগিতা করতে, বস্তাপচা ও সহিংসতা হ্রাস করতে চলচ্চিত্র, টেলিভিশনের সিরিজ এবং তাদের ভয়েস ওভারের আধেয় পর্যবেক্ষণ করা জরুরি।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদের পরিকল্পনায় সরকারের উদার সদস্যদের বরখাস্ত করা এবং তাদের স্থলে সাবেক সামরিক কমান্ডার ও রাজনৈতিকভাবে অনভিজ্ঞ ধর্মীয় নেতাদের নিয়োগ দেয়ার বিষয়টি রয়েছে।