নেপালে সেনাবাহিনীর গুলিতে ১১ বেসামরিক নাগরিক নিহত
নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ১১জন বেসামরিক নাগরিক নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন।
বুধবার রাতে কাঠমান্ডুর এক মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানের সময় সেনা সদস্যদের গুলিতে এ প্রাণহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারন পোশাক পরিহিত এক সেনার সাথে স্থানীয় লোকদের বিবাদের এক পর্যায়ে সেনারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেছেন, গুলিতে অনেকেই নিহত হয়েছেন। তবে এই গুলিবর্ষণের ঘটনার সাথে সেনাবাহিনীর জড়িত থাকার বিষয়টি ওই কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি।
সেনাবাহিনী গুলিবর্ষণের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা বিস্তারিত কোন কিছু জানাতে রাজি হয়নি।
