ইরাকে পার্লামেন্ট নির্বাচন শুরু হচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রবাহিনী ২০০৩ সালের মার্চে আগ্রাসন চালানোর পর এই প্রথমবারের মত একটি পূর্ণাঙ্গ সরকার নির্বাচন করার জন্য বৃৃহস্পতিবার ইরাকে পার্লামেন্ট নির্বাচন শুরু হচ্ছে।
স্থানীয় সময় ০৭০০টায় (গ্রীনিচ মান সময় ০৪০০টা) ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নির্বাচনে সুন্নি মুসলিমদের একটি বিরাট অংশ অংশগ্রহণ করতে পারে বলে আশা করা হচ্ছে।
আল-কায়েদা জঙ্গি সংগঠন নির্বাচনকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করলেও অনেক বিদ্রোহী সংগঠন ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে।
ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ৬,৬৫৫ জন প্রার্থী, ৩০৭টি রাজনৈতিক দল এবং ১৯টি নির্বাচনী জোট বৃহস্পতিবারের নির্বাচনে অংশ নিচ্ছে।
আত্মঘাতী গাড়ি বোমা হামলার অব্যাহত হুমকি থাকার কারণে ভোটগ্রহণকালে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১৫০,০০০ ইরাকি সেনা ও পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। ইরাকের সীমান্ত এলাকা বন্ধ করে দেয়া হয়েছে।
