লন্ডনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে আহত ৩৬
লন্ডনের হার্টফোর্ডশায়ারের হেমেল হেম্পস্টিডের কাছে একটি জ্বালানি ডিপোতে রোববার এক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। পুলিশ সূত্র এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, বিস্ফোরণে আহত ৩৬ জনের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
বান্সিফিল্ড জ্বালানি ডিপোতে গ্রিনিচ মান সময় ০৬০৩ টায় প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণের আওয়াজ একশ মাইলেরও বেশি দূর থেকে শোনা যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণস্থল কয়েক দিন ধরে জ্বলবে এবং আরও বিস্ফোরণ ঘটতে পারে বলে পুলিশ আশংকা করছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের সাথে একটি বিমান জড়িত রয়েছে বলে আগে যে খবর ছড়িয়েছিল, তা ভিত্তিহীন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ০৬২৬ ও ০৬২৭ গ্রিনিচ মান সময়ের মধ্যে আরও দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে ২০টি পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে গেছে। প্রতিটি ট্যাঙ্কির ধারণ ক্ষমতা ত্রিশ লাখ গ্যালন জ্বালানি বলে জানা গেছে।
বিস্ফোরণস্থলের আশেপাশের এলাকা খালি করা হয়েছে। এ ঘটনায় অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্ঘটনা কবলিত বান্সিফিল্ড জ্বালানি ডিপো থেকে হিথরো ও লুটন বিমান বন্দরে জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে।
