মিস ওয়ার্ল্ড বিউটি কনটেস্টে ইংল্যান্ডের প্রথম মুসলিম অংশগ্রহণকারী
চীনের সানইয়ায় শনিবার অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মত কোন মুসলিম অংশগ্রহণ করছেন। এ প্রতিযোগীর নাম হাসা কোহিস্থানি (১৮)।
এদিকে ইসলামী চরম উগ্রপন্থীরা হামাসাকে এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য হত্যার হুমকি প্রদান করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মিস হামাসা সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় ফেভারিট অবস্থানে রয়েছেন। তিনি মুসলিম বংশোদ্ভূত মিস নটিংহাম হিসেবে নির্বাচিত সারাহ মেন্ডলিকে পরাজিত করে মিস ইংল্যান্ডের বিজয় মুকুট ছিনিয়ে নেন।
সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ১০২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। বিশ্বের দুইশ’ কোটি দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করবেন।
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্র্রি হামাসাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছে।
হামাসা কোহিস্থানি তালেবানি শাসনামলে বাবা-মার সাথে উজবেকিস্তান, ইউক্রেন এবং দুবাই হয়ে আফগানিস্তান থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে আসেন।
ইংল্যান্ডে এসে তার বাবা খুশাল খাদ্য ব্যবসা শুরু করেন এবং মা লায়লা দোভাষী হিসেবে কর্ম জীবন শুরু করেন।
