আদালতের বিচার প্রক্রিয়ায় অংশ নিতে সাদ্দামের অসম্মতি
বিচার ব্যাবস্থায় অসন্তোষ প্রকাশ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছেন তিনি আর আদালতে হাজির হবেন না।
১৯৮২ সালে ইরাকের শিয়া-অধ্যুষিত দুজাইল গ্রামে ১৪৮ জন শিয়াকে হত্যার অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত মামলার বিচার প্রক্রিয়ায় অংশ হিসেবে আদালতে প্রবেশ করতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন অস্বীকৃতি জানিয়েছেন। আদালত কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
যে অবস্থায় তাকে আটক রাখা হয়েছে এবং যেভাবে বিচারকার্য চলছে সে সম্পর্কে সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম অভিযোগ করেছেন।
মঙ্গলবার সাদ্দাম বিচারকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গোল্লায় যান। তিনি আদালতে ফিরে না আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাদ্দাম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে আনীত দুজাইল গ্রামের হত্যাকান্ডের অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদন্ড হতে পারে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আদালতে প্রবেশ করতে অস্বীকৃতি জানানোয় বুধবারের বিচারকার্য শুরু হতে বিলম্ব হয়।
বিচারকার্য কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমঝোতা চলছে। আসামী পক্ষের আইনজীবীরা মামলার প্রধান বিচারকের সাথে আলোচনা করছেন।
এদিকে শীর্ষ বিচার পরিদর্শককে হত্যা ষড়যন্ত্রের সন্দেহের অভিযোগে আটককৃত এক ব্যক্তিকে বন্দুকধারীরা ছিনিয়ে নিয়ে গেছে।
উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের একটি হাসপাতালে বিশ জনেরও মত বন্দুকধারী হামলা চালিয়ে ওই আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যায়। সন্দেহভাজন ওই ব্যক্তিকে সেখানে আটকে রাখা হয়েছিল।
শীর্ষ পরিদর্শক বিচারক রায়েদ জুহিকে হত্যা প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।
