২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে নির্বাচনকালীন সংঘর্ষে নিহত ৬

মিসরের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে ইসলামপন্থীদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেয়ার ঘটনায় তারা প্রতিবাদ জানানোর সময় পুলিশের গুলিবর্ষণ করে ছয়জনকে হত্যা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 09:15 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের ভোটকেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেটের পাশাপাশি গুলিবর্ষণ করেছে।

মুসলিম ব্রাদারহুড মিসরে নিষিদ্ধঘোষিত হওয়ার কারণে তার সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্লামেন্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে তাদের অবস্থান বেশ ভাল। পার্লামেন্ট নির্বাচনে তারা ৭৬টি আসন আসন দখল করতে সমর্থ হয়েছে।

৯ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন শুরু হওয়ার পর দেশটিতে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে।

ইসলাসী সংগঠনগুলো বলেছে, ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টিকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করতে ও ইসলামপন্থি দলগুলোকে সফলতা অর্জনে বাধা দিতে পুলিশ কৌশল প্রয়োগ করছে।

হাসপাতাল ও নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সূত্রে জানা গেছে, প্রাদেশিক শহরগুলোতে সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়েছে।

উত্তরাঞ্চলীয় শহর দামিয়িত্তায় কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে।

নীল বদ্বীপের শহর জাগাজিগে সরকারি দলের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের আক্রমন করেছে। কাতাবিয়া গ্রামের কাছে এক হামলায় ১৪ বছর বয়স্ক এক বালক ও ২২ বছরের এক যুবক নিহত হয়।

দাখলিয়া প্রদেশেও দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

রাজধানী কায়রোতে বিভিন্ন সহিংস ঘটনায় ৬০০ জনের মত লোক আহত হয়েছে। আর এসব ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে ৮০ জনকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইব্রাহিম হামাদ বলেছেন, মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা ১০টি ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করেছে।

ব্রাদারহুড জানিয়েছে, বুধবারের নির্বাচনের আগে তাদের কমপক্ষে ১,৪০০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।