মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নটবর সিং
ভারতের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমানে দফতরবিহীন মন্ত্রী নটবর সিং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
নয়া দিল্লি, ডিসেম্বর ৬ (বিডিনিউজ)- ক্ষমতাসীন কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা সোমবার রাতে জানান, নটবর সিং দলের প্রধান সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং মস্কো থেকে দেশে ফিরে আসার পর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে তাকে অবহিত করা হয়েছে।
কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম ‘দি স্টিয়ারিং কমিটি’ থেকে অপসারিত হওয়ার একদিন পর নটবর সিংয়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হলো।
মুখপাত্র শর্মা জানান, সরকার ও দলকে আরও লজ্জার হাত থেকে রেহাই করতে নটবর সিং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।
২০০১ সালে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ইরাকি কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত নটবর সিং রোববার রাতে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছিলেন।
