সাদ্দাম আইনজীবীদের আদালত থেকে ওয়াকআউট
ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আইনজীবীরা শুনানির তৃতীয় দিনে আদালত থেকে বেরিয়ে গেছেন।
আসামী পক্ষের আইনজীবী খলিল আর-দুলাইমি বিশেষ ইরাকি আদালতের বৈধতা সম্পর্কে প্রশ্ন তোলার পর সাদ্দামের পক্ষের আইনজীবীরা আদালত ত্যাগ করেন।
১৯৮২ সালে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দামের উপর একটি ব্যর্থ প্রাণনাশের হামলার পর রাজধানী বাগদাদের উত্তরের দুজাইল গ্রামে ইরাকের নিরাপত্তা রক্ষীরা হামলা চালিয়ে ১৪৮জনকে হত্যা করার অভিযোগ সাদ্দাম হোসেন ও তার সাতজন সহযোগী অস্বীকার করেছেন।
আসামী পক্ষের আইনজীবীদের দলে সাবেক মার্কিন এটর্নি জেনারেল রামসি ক্লার্কসহ দু’জন আন্তর্জাতিক আইনজীবী যোগদান করেছেন।
আন্তর্জাতিক ও ইরাকি আইনের মিশ্রণে গঠিত বিশেষ আদালত গঠনের প্রক্রিয়ার বৈধতাকে আসামী পক্ষের আইনজীবীরা চ্যালেঞ্জ করেছেন।
ইরাকের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের প্রতিনিধি জন প্যাস রোববার মামলার কার্যবিবরণীর সমালোচনা করেছেন।
অভিযোগ প্রমাণিত হলে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড হতে পারে।
সাদ্দামের সহযোগীদের একজন মামলার পাঁচ বিচারকের একজনের ভাইকে হত্যা করার সাথে জড়িত থাকতে পারে- এমন সম্ভাবনা থেকে ওই বিচারক সোমবারের সেশনের আগে মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
তার স্থলে অন্য আরেক বিচাকরকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
