নির্বাচনকে কেন্দ্র করে মিসরে সহিংসতায় ১ জন নিহত
মিসরের পার্লামেন্ট নির্বাচনের সর্বশেষ ধাপের নির্বাচনের দিন বিরোধী রাজনৈতিক দলের কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানী কায়রোতে বিরোধী রাজনৈতিক কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ভোটারদের লক্ষ্য করে পুলিশ গুলি চালালে একজন রাজনৈতিক কর্মী নিহত হয়। এতে বেশ কয়েকজন ভোটার আহত হয়।
মুসলিম ব্রাদারহুড ও বিরোধী দলের দূর্গ বলে পরিচিত কয়েকটি এলাকায় দাঙ্গা পুলিশ ভোটকেন্দ্রে যাবার রাস্তা বন্ধ করে দিয়েছে।
শত শত বিরোধী ইসলামী কর্মী গ্রেপ্তারের কারণে দেশটিতে নির্বাচন-কেন্দ্রিক সহিংসতা শুরু হয়।
পার্লামেন্টের ৪৫৪টি আসনের মধ্যে ১৩৬টি আসনের নির্বাচনী আসনের ভোটগ্রহণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় পর্যায়ের নির্বাচনী আসন গুলোতে এক কোটি বৈধ ভোটার রয়েছে।
চূড়ান্ত ফলাফল পেতে কমপক্ষে এক সপ্তাহ লেগে যাবে।
