অস্ত্রবিরতি সমঝোতায় যোগ দিতে নেপালের রাজার প্রতি জাতিসংঘের আহ্বান
জাতিসংঘ বলেছে, মাওবাদী গেরিলাদের এককভাবে ঘোষিত অস্ত্রবিরতিতে নেপাল সরকার সাড়া না দিলে দেশটিতে আবার নতুন করে রক্তক্ষয়ী সহিংসতায় শুরু হয়ে যেতে পারে।
নেপালের মাওবাদীদের ঘোষিত তিন মাসের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার একদিন আগে জাতিসংঘের মানবাধিকার প্রধান লোইস আরবার বৃহস্পতিবার এ ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেন।
নেপালের রাজা জ্ঞানেন্দ্র এখন বিদেশ সফরে রয়েছেন। শুক্রবার তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
রাজতন্ত্রের পতন ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দশ বছর ধরে চলমান সহিংসতায় নেপালে কমপক্ষে ১২,০০০ লোক নিহত হয়েছে।
অস্ত্রবিরতির মেয়াদ বৃদ্ধি করার ব্যাপারে মাওবাদীদের উপর এবং তা মেনে চলার ব্যাপারে সরকারের উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ রয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মি. আরবার বলেন, পূর্ণ মাত্রায় সহিংসতায় শুরু হওয়ার আশংকায় আমি ভীষণভাবে উদ্বিগ্ন।
পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা তাপলিজাংয়ে নেপালের সেনাবাহিনীর হাতে মাওবাদীদের দুই শীর্ষ নেতা নিহত হওয়ার ও পশ্চিমাঞ্চলীয় রোলপা জেলায় মাওবাদীরা কয়েকজন সাংবাদিককে অপহরণ করার ঘটনায় দেশটিতে আবার নতুন করে সহিংসতা শুরু হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এসব ঘটনার পর মাওবাদীদের নেতা প্রচন্ড বলেছেন, বিদ্রোহীদের অস্ত্রবিরতি ঘোষণা ভঙ্গ করার ব্যাপারে সরকার তাদের উস্কানি দিচ্ছে।
অস্ত্রবিরতির সময়সীমা বৃদ্ধি করতে সরকারও অসম্মতি জানিয়েছে। সরকারের বক্তব্য, বিদ্রোহীরা এই সময়টাকে অস্ত্র যোগাড় করতে ও পুনরায় সংগঠিত হতে কাজে লাগাবে।
নেপালের সহিংসতার অবসানে ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মহাসচিব কফি আনানের পক্ষ থেকে অব্যাহত চাপ রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মাওবাদীরা যদি অস্ত্রবিরতির সময় বৃদ্ধি করে তাহলে দশকব্যাপী চলতে থাকা সহিংসতার অবসানে একটি সমঝোতায় পৌঁছাতে সরকারের উপর নতুন করে একটি চাপ আসবে।
চলতি বছরের ফেব্র“য়ারিতে নির্বাচিত সরকার বরখাস্ত করে রাজা শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে নেয়ায় দেশটিতে রাজতন্ত্রের জনপ্রিয়তাও কমতে শুরু করেছে।
সম্প্রতি, মাওবাদী বিদ্রোহী ও নেপালের সাতটি বিরোধী রাজনৈতিক দল রাজা জ্ঞানেন্দ্রের সরাসরি শাসনের অবসান ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে একটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
