২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহের মধ্যেই ইরান-ইইউ আলোচনা শুরু

ইরান বলেছে, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে আলোচনা শুরু করবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 10:59 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানুশের মোত্তাকি জানান, মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে কর্মকর্তারা এজেন্ডা নির্ধারণে সমঝোতার জন্য আলোচনা শুরু করবে।

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পারমাণবিক ইস্যুর বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেরীতে প্রেরণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পর ইরান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা শুরুর বিষয়টি সামনে চলে আসে।

ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া সচল করার পর আগস্টে দেশটির সাথে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা ভেঙ্গে যায়।

ইরান গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ সন্দেহ করছে। তেহরান অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

তুরস্কের বেসরকারি এনটিভি টেলিভিশনের সাথে বুধবার এক সাক্ষাৎকারে মিঃ মোত্তাকি বলেন, ইরান সবসময় পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের লক্ষ্যে সমঝোতার মাধ্যমে অধিকার আদায়ে ব্যাপারে তারা সংকল্পবদ্ধ।

ইরান পারমাণবিক অস্ত্রবিরতি চুক্তির শর্তাবলীর মেনে চলতে ব্যর্থ হওয়ায় দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণে দেরী করার ব্যাপারে আইএইএ গত সপ্তাহে সিদ্ধান্ত নেয়।

ইরানের পক্ষে রাশিয়ার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে একটি সমঝোতা চুক্তিতে উপনীত হওয়া ও চুক্তিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালনকারী মস্কোকে আরও বেশি সময় দিতে আইএইএ এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সমঝোতার ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তরে মি. মোত্তাকি বলেন, সমঝোতার বিষয়টি গুজবমাত্র।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার বিষয়টি আমাদের এজেন্ডার অন্তর্ভূক্ত নয়।