২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্ববৃহৎ মানবিক সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ

বিশ্বের ২৬টি দেশের প্রাকৃতিক দূর্যোগ ও দূর্ভিক্ষ মোকাবিলায় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে জাতিসংঘ তার ইতিহাসে সর্ববৃহৎ মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:25 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিশ্ব সংস্থা জাতিসংঘ চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী ইয়ান ইগাল্যান্ড বলেন, বিশ্ব জুড়ে ৪৮ ঘন্টায় সামরিক খাতে যে ব্যয় হচ্ছে, মানবিক সহায়তার পরিমাণটা তারই সমান।

জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেন, সহায়তা পরিশোধের সক্ষমতা আন্তর্জাতিক সম্প্রদায়ের ছিল। তবে এখন তাদের সেই ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে।

জাতিসংঘের ২০০৬ সালের মানবিক সহায়তার আবেদন জানাতে গিয়ে আনান এটার গুরুত্ব তুলে ধরেন।

আনান বলেন, প্রাচুর্যের এ বিশ্বে অব্যাহত যন্ত্রণা আমাদের বিবেকের উপর একটি বড় ধরনের কলঙ্ক। আমাদের হাতের কাছে সম্পদ থাকার পরও তা ব্যবহার করে সেই যন্ত্রণা দূর করতে চেষ্টা না করাকে কোন অজুহাত হিসেবে মেনে নেয়া যায় না।

জাতিসংঘ পৃথিবীর তিন কোটিরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে চায়।

কাশ্মিরের অক্টোবরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ২০০৪ সালের ডিসেম্বরের সুনামিতে আক্রান্তদের সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

জাতিসংঘের সহায়তা প্রদানের তালিকার অধিকাংশ দেশই আফ্রিকা মহাদেশের। বিশেষ করে সুদানের জন্য এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্ট ও লাইবেরিয়াকে জরুরি সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে। এছাড়া চেচনিয়া, ফিলিস্তিন ও গুয়াতেমালার বিষয়টিও ভাবা হচ্ছে।

মিঃ ইগাল্যান্ড বলেন, বেশি সংখ্যক ও জটিল সাহায্য অপারেশন পরিচালনা করতে বর্ধিত অনুদান প্রয়োজন।

তিনি বলেন, পৃথিবীতে ৪৮ ঘন্টায় সামরিক খাতে যে ব্যয় হচ্ছে অথবা ধনী ব্যক্তিদের দুই কাপ কফির পিছনে খরচ হওয়া অর্থের সমপরিমাণ অর্থ সহায়তা প্রদানের আবেদন জানিয়েছি।

তিনি আরও বলেন, তারা যদি আমাদের দুই কাপ কফির দামের সমপরিমাণ অর্থ প্রদান করেন, তাহলে এই পরিমাণ অর্থ দিয়ে আমরা দারূনভাবে দুর্দশার মধ্যে থাকা ৩৩ মিলিয়ন লোককে সহায়তা দিতে পারব।

জাতিসংঘ প্রতিবছর যে পরিমাণ অর্থের আবেদন জানায় তার এক-তৃতীয়াংশ সংস্থাটি পেয়ে থাকে বলে জানা গেছে।