সিআইএ’র গোপন কারাগার সম্পর্কে ইইউ’র সতর্কতা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ এক বিচারক সতর্ক করে দিয়ে বলেছেন, ইইউ’র কোন সদস্য দেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র গোপন কারাগার থেকে থাকে, তাহলে সে দেশের ভোটাধিকার প্রত্যাহার করে নেয়া হবে।
বিচারক ফ্রাঙ্কো ফ্রাতিনি বলেন, কারাগার থাকার অভিযোগ সত্য প্রমাণিত হলে তার পরিণাম হবে খুবই ভয়ানক।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পূর্ব ইউরোপে গোপন জেল পরিচালনা করে বলে অভিযোগ উঠার পর ইইউ’র তদন্ত অব্যাহত থাকার মধ্যেই ইইউ’র পক্ষ থেকে এ সতর্কতা জানানো হল।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে সিআইএ’র গোপন জেল থাকার কথা ওয়াশিংটন নিশ্চিত কিংবা অস্বীকারও করেনি। দেশটির বিভিন্ন পত্রপত্রিকায় চলতি মাসের শুরুতে সিআইএ’র গোপন কারাগারের অস্তিত্বের ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হয়।
জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে ইইউ’র বিচার বিষয়ক কমিশনার ফ্রাতিনি জড়িত দেশগুলোর বিপক্ষে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবেন।
তিনি বলেন, ভোটাধিকার প্রত্যাহার করে নেয়াসহ কঠিন পরিণামের প্রস্তাব ইইউ’র মন্ত্রিপরিষদে উত্থাপন করতে আমি বাধ্য হব।
তিনি বলেন, কোন সদস্য দেশ যদি মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের মূলনীতি লংঘন করে থাকে, তাহলে সংশ্লিষ্ট দেশের ভোটাধিকার প্রত্যাহার করে নেয়া হবে।
গোপন কারাগারের বিষয়টি বুশ প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হলেও এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি বলে ফ্রাতিনি জানান। জবাব প্রদান করতে ওয়াশিংটন সময় চেয়ে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সিআইএ’র গোপন কারাগার সম্পর্কিত একটি প্রতিবেদন প্রথম প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্টে ২ নভেম্বর। সন্দেহভাজন আল-কায়েদা সন্ত্রাসীকে আটক রাখতে পূর্ব ইউরোপে সিআইএ গোপন কারাগার পরিচালনা করে বলে প্রতিবেদনে বলা হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, রোমানিয়া ও পোল্যান্ডে সিআইএ’র গোপন কারাগার রয়েছে।
রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী ভাসিল ব্লাগা তার দেশে ঐরূপ জেল থাকার বিষয়টি অস্বীকার করেছেন বলে ফ্রাতিনি জানান।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার সিআইএ’র গোপন কারাগারের বিষয়টি মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ড. কন্ডোলিৎসা রাইসের সাথে আলাপকালে উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করে জানিয়েছে, গোপন কারাগার সম্পর্কিত খবরের সত্যতা নিরূপণ করতে ইইউ’র পক্ষে লন্ডন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লিখবে।
