অনাস্থা ভোটে কানাডায় সরকারের পতন
কানাডার পার্লামেন্টে এক অনাস্থা ভোটে দেশটির প্রধানমন্ত্রী পল মার্টিনের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে।
দুর্নীতি কেলেংকারিতে বিধ্বস্ত প্রধানমন্ত্রী মার্টিনের লিবারেল পার্টিকে ক্ষমতাচ্যুত করতে কানাডার তিনটি বিরোধী দল জোটবদ্ধভাবে ক্ষমতাসীন সরকারের প্রতি পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দেয়।
প্রধানমন্ত্রী মার্টিন মঙ্গলবার পার্লামেন্ট ভেঙ্গে দেবেন বলে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে পরবর্তী সাধারণ নির্বাচন ২০০৬ সালের ১৬ অথবা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী মার্টিনের দল লিবারেল পার্টি নির্বাচনে অধিকাংশ ভোট পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
পার্লামেন্টে সোমবার সন্ধ্যায় বিরোধী দল ১৭১--১৩৩ ভোটে মার্টিন সরকারের পতন ঘটায়।
পার্লামেন্টে ভোটাভুটির পর প্রধানমন্ত্রী মার্টিন বলেন, পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার আহ্বান জানাতে তিনি গভর্নর জেনারেল মিশেল জ্যঁ’র সাথে মঙ্গলবার সাক্ষাৎ করবেন। পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।
যদিও মার্টিনের সরকার মাত্র সতের মাস ধরে ক্ষমতায় রয়েছে, তবুও পূর্ববর্তী লিবারেল প্রশাসনের দুর্নীতি কেলেংকারিরতে বর্তমান প্রশাসন বিপর্যস্ত।
নব্বইয়ের দশকে লিবারেল সরকার দুর্নীতির আশ্রয় নিয়ে বিজ্ঞাপন সংস্থাকে ১০০ মিলিয়ন ডলার প্রদান করেছে। বিনিময়ে সরকার কোন সেবা পায়নি বলে অভিযোগ উঠেছে।
লিবারেল প্রশাসনের কর্মকর্তারা বিজ্ঞাপন সংস্থাদের প্রদেয় অর্থ থেকে ভাগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
যদিও দুর্নীতির কেলেংকারির সাথে প্রধানমন্ত্রী মার্টিন জড়িত এমন কোন অভিযোগ এখন পর্যন্ত উত্থাপিত হয়নি, তবে বিরোধী দলগুলো বলেছে, তিনি তার সকল নৈতিক কর্তৃত্ব হারিয়েছেন।
চলতি বছরের মে মাসে তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব আনা হলেও মাত্র এক ভোটের ব্যবধানে তিনি সে যাত্রায় বেঁচে যান।
কিন্তু বেসরকারি স্বাস্থ্যখাতে ব্যয় নিয়ে মতানৈক্যের কারণে চলতি মাসের শুরুতে জোট সরকারের শরীক দল নিউ ডেমোক্র্যাট পার্টি সরকার থেকে বেরিয়ে যায়। ২০০৬ সালের ফেব্র“য়ারিতে নির্বাচন দেওয়ার বিরোধী দলের দাবি প্রত্যাখ্যাত হবার পর নিউ ডেমোক্র্যাটিক পার্টি কনজারভেটিভ ও ব্লক কুয়েবিকোস পার্টির সাথে জোট করে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট প্রদান করে।
সরকারের পতন ঘটলেও নির্বাচনের পূর্ব পর্যন্ত মার্টিন সরকার কাজ চালিয়ে যাবে।
