২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু কি’র গৃহবন্দিত্বের মেয়াদকাল বৃদ্ধি করেছে মায়ানমার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মায়ানমারের জান্তা সরকার দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু কি’র গৃহবন্দিত্বের মেয়াদকাল ছয় মাস বৃদ্ধি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার এ কথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় অং সান সু কি’কে আনুষ্ঠানিকভাবে তার গৃহবন্দিত্বের মেয়াদ বৃদ্ধির কথা অবহিত করা হয়েছে।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু কি ২০০৩ সালের মে থেকে গৃহবন্দি রয়েছেন। তারপর থেকে তার সাথে বহির্বিশ্বের কোন যোগাযোগ নেই বললেই চলে। একবছর আগে তার গৃহবন্দিত্বের মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছিল।

তবে কি কারণে ছয়মাসের জন্য গৃহবন্দিত্বের মেয়াদকাল বৃদ্ধি করা হল সে সম্পর্কে ওই কর্মকর্তা কোন ব্যাখ্যা দেননি।

তাকে ছেড়ে দিতে ব্যাপক আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ৬০ বছর বয়স্ক সু কি গত ১৬ বছরের মধ্যে ১০ বছরই জেলে অথবা গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন।

লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শনিবার সু কি’র অব্যাহত গৃহবন্দিত্বকে বিচারের নামে উপহাস বলে আখ্যায়িত করেছে। আর গণতন্ত্রপন্থিদের নির্যাতনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে মায়ানমারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

১৯৯০ সালে সু কি’র নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করলেও সামরিক সরকারের হস্তক্ষেপের কারণে তারা সরকার গঠন করতে পারেনি। এর পর একে একে এনএলডি’র আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ করে দেয়া হয় এবং এর অনেক কর্মকর্তা বহুদিন ধরে জেলে আটক রয়েছেন।

১৯৬২ সাল থেকে জান্তা সরকার মায়ানমার শাসন করছে ।