সরকার-বিরোধী সমাবেশ নিষিদ্ধ করেছে কেনিয়া
কেনিয়া সরকার দেশটিতে সরকার--বিরোধী সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সাথে বিরোধী দলের নতুন নির্বাচনের দাবিও নাকচ দিয়েছে।
ভোটাররা গণভোটে নতুন সংবিধান প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে কেনিয়া সরকার এ পদক্ষেপ গ্রহণ করল।
ভাইস প্রেসিডেন্ট মুডি আইয়োরি বলেছেন, নির্বাচনের আহ্বান জানিয়ে আয়োজিত সমাবেশ বা মিছিলকে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে।
বিরোধী দল বলেছে, খসড়া সংবিধানে প্রেসিডেন্টকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল।
দেশ জুড়ে নতুন নির্বাচনের দাবিতে বিরোধী দলের প্রতিবাদ সমাবেশকে ভাইস প্রেসিডেন্ট আউয়োরি অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, সংবিধান সংস্কার প্রত্যাখ্যান নতুন নির্বাচনের ভিত্তি গড়ে তোলনি।
এক বিবৃতিতে আউয়োরি বলেন, সরকার পরিকল্পিত সমাবেশের অনুমতি দেবে না এবং সেই নাগরিকদের সমাবেশে যোগ না দিতেও সতর্ক করে দিচ্ছে।
রাজধানী নাইরোবিতে বিরোধী দলের সমাবেশে ১০,০০০ লোক অংশগ্রহণ করে।
প্রেসিডেন্ট মোয়াই কিবাকির শাসন পরিচালনায় ব্যর্থতার প্রতিবাদ জানাতে কেনিয়ার জনগণ প্রতিবাদ সমাবেশে যোগ দেয় বলে জানা গেছে।
গণভোটে প্রেসিডেন্ট কিবাকি সংবিধান অনুমোদনের পক্ষে কাজ করেন। নির্বাচনে পরাজয়ের পরপরই তিনি তার পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন। তবে তিনি পার্লামেন্ট ভেঙ্গে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
