২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে স্পেন-ভেনিজুয়েলা

স্পেন ও ভেনিজুয়েলার মধ্যে একটি অস্ত্র চুক্তির স্বাক্ষরের করতে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী হোসে বোনো এখন ভেনিজুয়েলা সফর করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 10:01 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মাদ্রিদ কারাকাসের কাছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের সামরিক নৌ টহলযান ও পরিবহন বিমান বিক্রি করতে রাজি হয়েছে।

স্পেন ও ভেনিজুয়েলা অস্ত্র চুক্তিকে শান্তিপূর্ণ বলে আখ্যায়িত করেছে। মাদক চোরাচালানিদের বিরুদ্ধে লড়াইয়ে বিমান ও টহলযান ব্যবহৃত হবে বলে দেশ দু’টি দাবি করেছে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ দক্ষিণ আমেরিকায় তার প্রভাব বাড়াতে অস্ত্রগুলো ব্যবহার করবে।

ভেনিজুয়েলার কাছে অস্ত্র বিক্রি না করতে মার্কিন রাষ্ট্রদূত ইউদোয়ার্দো আগুইরি স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রী বোনোর কারাকাস ভ্রমণের বিষয়টি স্পেনের উপ--প্রধানমন্ত্রী তেরেসা ফার্নান্দেজ ডি লা ভেগা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ভেনিজুয়েলার সাথে অস্ত্র চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েছে।

চুক্তিটি সোমবার স্বাক্ষর করা হবে বলে প্রেসিডেন্ট শাভেজ জানিয়েছেন।

গত মার্চে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রড্রিগুয়েজ জাপাতেরোর দু’দিনের কারাকাস সফরকালে অস্ত্র চুক্তির ব্যাপারে দেশ দু’টির মধ্যে অস্ত্র চুক্তির ব্যাপারে ঐকমত্য হয়।

প্রেসিডেন্ট শাভেজ বলেছেন, ভেনিজুয়েলার উপকূলীয় এলাকায় মাদক চোরাচালানিদের বিরুদ্ধে টহল জোরদার করতে সামরিক টহল নৌযানগুলো ব্যবহৃত হবে। আর দেশের ভিতরে ও বাইরে ত্রাণ ও উদ্ধার তৎপরতা  পরিচালনা করতে পরিবহন বিমানগুলো ব্যবহৃত হবে।