২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক পরিকল্পনা নিয়ে ইইউ’র সাথে আলোচনায় প্রস্তুত ইরান

ইরান বলেছে, পারমাণবিক পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে আলোচনা পুনরায় শুরু করতে তেহরান প্রস্তুত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

স্বচ্ছতার অভাবের কারণে ইইউ ইরানের সমালোচনা করলেও আলোচনার টেবিলে দেশটিকে ফিরিয়ে আনতে ইইউ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি (আইএইএ) সংস্থাকে ইরান জানিয়েছে,  আলোচনায় নেতৃত্বদানকারী ইইউ’র পক্ষ থেকে আলোচনা শুরুর আহ্বানের জন্য তারা প্রতিক্ষায় রয়েছে।

রাশিয়ার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষে তা ইরানের কাছে হস্তান্তরের ব্যাপারে সমঝোতার প্রস্তাবের বিষয়টি এখন খতিয়ে দেখা হবে।

ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ সন্দেহ করছে। অবশ্য ইরান অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

আইএইএ অভিযোগ খতিয়ে দেখছে।

ইইউ’র কূটনৈতিক প্রচেষ্টার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়ে আসলেও তারা সম্ভাব্য অবরোধ আরোপের লক্ষ্যে ইরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণের পক্ষপাতি।

আইএইএ-তে ব্রিটেনের রাষ্ট্রদূত পিটার জেনকিন্স বলেন, আইএইএ’র সদস্য দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ইরানের পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহার করার আগে তা রাশিয়ায় সমৃদ্ধকরণের বিষয় সংক্রান্ত প্রস্তাবের ব্যাপারে ইইউ আলোচনা করতে চায়।

পিটার আরও বলেন, রাশিয়ার সমঝোতার প্রস্তাবটি ইরান গুরুত্বের সাথে বিবেচনা করছে।

রাশিয়ার প্রস্তাব সম্পর্কে আইএইএ-তে ইরানের প্রতিনিধি মোহাম্মদ মেহদি আখন্দজাদি বলেন, আমরা প্রস্তাবটি বিবেচনা করছি।

তিনি বলেন, ইইউ৩ নামে পরিচিত ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন আলোচনা শুরু করবে কিনা সে ব্যাপারে ইরান তাদেরকে লিখিতভাবে জানিয়েছে।

ইরানের প্রতিনিধি জাভিদ ভাইদি বলেন, ইইউ৩সহ অন্যান্য দেশগুলোর সাথে আলোচনা শুরুর ব্যাপারে আমরা আলোচনার পথ অনুসরণ করতে প্রস্তুত।