২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকিসহ নানা অভিযোগে অভিযুক্ত পিনোচেট

চিলির সাবেক সামরিক প্রশাসক জেনারেল অগাস্টো পিনোচেটকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কর ফাঁকি ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পিনোচেটের বিরুদ্ধে জাল সরকারি নথিপত্র ব্যবহার ও কর্মকর্তাদের তার সম্পত্তি সম্পর্কে বিভ্রান্ত করা এবং বিদেশের ব্যাংকে ভুয়া নাম ব্যবহার করে ২৭ মিলিয়ন মার্কিন ডলার জমা রাখার অভিযোগও আনা হয়েছে।

জেনারেল পিনোচেটের (৮৯) বিরুদ্ধে দু’টি মানবাধিকার লংঘনের অভিযোগ উত্থাপিত হলেও ভগ্নস্বাস্থ্যের কারণে অভিযোগ দু’টির বিচার প্রক্রিয়া অগ্রসর হয়নি।

পিনোচেটের আইনজীবী পাবলো রডরিগুয়েজ বলেছেন, অপরিশোধিত করের অধিকাংশই পরিশোধ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রিগ্স ব্যাংক ও অন্যান্য দেশে ভুয়া নামে অর্থ জমা রাখার বিষয়ে তদন্ত পরিচালনার পর বিচারক কার্লোস সিরডা তাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন।

বিচারক সিরডার অভিযোগ মতে, ১৯৮০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জেনারেল পিনোচেট দুই দশমিক চার মিলিয়ন ডলার কর ফাঁকি দিয়েছেন।

শতাধিক ব্যাংক হিসাব খোলার সুবিধার্থে পিনোচেট বেশ কিছু জাল পাসপোর্ট ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।

ব্যাংকে হিসাব খোলার বিষয়টি ২০০৪ সালে মার্কিন সিনেটের একটি তদন্তে প্রথম প্রকাশ পায়।