২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনান, ভোলকারের সাথে ভারতীয় দূতের সাক্ষাৎ

ভোলকারের তদন্ত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে ভারত সরকারের বিশেষ দূত বীরেন্দ্র দয়াল জাতিসংঘ মহাসচিব কফি আনান ও তদন্ত প্রধান পল ভোলকারের সাথে সাক্ষাৎ করেছেন। এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বীরেন্দ্র দয়াল সোমবার জাতিসংঘ মহাসচিব কফি আনানের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি ১৮ নভেম্বর পল ভোলকারের সাথে সাক্ষাৎ করেন। উভয়ই দয়ালকে তদন্তের কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভারতের পদত্যাগী পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং ও ক্ষমতাসীন কংগ্রেস পার্টি ইরাকের বিতর্কিত তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে চুক্তির বাইরে সুবিধা নিয়েছেন বলে জাতিসংঘ মনোনীত পল ভোলকারের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে দাবি করার পর ভারত সরকার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির  নেতৃত্বে রয়েছেন বীরেন্দ্র দয়াল।

জাতিসংঘের অর্থনৈতিক অবরোধের কারণে দারূনভাবে ক্ষতিগ্রস্ত ইরাকের সাধারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে ঠিকাদারি পাওয়ার জন্য ভারতের ১২৯টি কোম্পানি অবৈধভাবে সাদ্দাম হোসেন সরকারকে অর্থ দিয়েছে বলে ভোলকারের প্রতিবেদনে বলা হয়েছে।