কেনিয়ায় সংবিধান অনুমোদনের গণভোটে বিরোধীরা এগিয়ে
কেনিয়ার সংবিধান অনুমোদন সংক্রান্ত সোমবারের গণভোটে বিরোধীরা এগিয়ে রয়েছে বলে প্রাথমিক ফলাফল থেকে দেখা গেছে।
নতুন সংবিধানে প্রধানমন্ত্রীর পদটি সংযোজন করা হলেও বিরোধীরা প্রধানমন্ত্রীর জন্য আরও ক্ষমতা চান।
প্রেসিডেন্ট মোয়াই কিবাকি সংবিধান প্রণয়নের পক্ষে কাজ করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ৬৮ আসনের প্রদত্ত ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৩৯টি আসনে খসড়া সংবিধান প্রত্যাখ্যাত হয়েছে।
কেনিয়ার পার্লামেন্টের মোট আসন সংখ্যা ২১০।
মঙ্গলবার গণভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে। নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও তাদের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। কিসুমু শহর ও রাজধানী নাইরোবির কিবেরা বস্তি এলাকায় ছোটখাট সহিংস ঘটনা ঘটলেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
অবশ্য নির্বাচন প্রচারণাকালীন সময়ে সহিংসতায় নয় জন নিহত হয়েছে।
গণভোট উপলক্ষ্যে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নতুন সংবিধানে মহিলাদের সমঅধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভূমি সংস্কারের বিষয়াদি রাখা হয়েছে।
সংবিধান অনুমোদনের পক্ষে হ্যাঁ পক্ষ কলা প্রতীক ও অনুমোদনের বিরোধীরা কমলা প্রতীক নিয়ে গণভোটে মুখোমুখি হয়েছে।
১৯,০০০ জন স্থানীয় পর্যবেক্ষক ও ১৫০ জনের মত কূটনীতিক কেনিয়ার গণভোট পর্যবেক্ষণ করেছেন।
