ইসরাইলী প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের লিকুদ পার্টি ত্যাগ
ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন আগাম নির্বাচনের আগে নতুন দল গঠনের উদ্দেশ্যে ক্ষমতাসীন লিকুদ পার্টি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
ইসরাইলী বেতারের এক খবরে বলা হয়, ডানপন্থী লিকুদ পার্টির প্রতিষ্ঠাতা সদস্য শ্যারন দলের চেয়ারম্যানের কাছে তার পদত্যাগের বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছেন।
এর আগে সোমবার শ্যারন প্রেসিডেন্ট মোসে কাতসাভকে আগামী বছর আগাম নির্বাচন দেয়ার পরামর্শ দেন।
এই পদত্যাগের মধ্য দিয়ে অধিকৃত গাজা থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহারের কট্টর বিরোধীদের কাছ থেকে সরে এলেন প্রবীন এই ইসরাইলী নেতা।
আশা করা হচ্ছে, আগাম নির্বাচনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করবেন শ্যারন এবং পরবর্তী চার বছরের জন্য তিনিই হতে পারেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
শ্যারনের এই দলত্যাগকে স্বাগত জানিয়েছেন বামপন্থী মেরেজ পার্টি নেতা ইয়সি বেইলিন। তিনি বলেন, লিকুদ পার্টির সাবেক সদস্যসহ শান্তি প্রক্রিয়ার সমর্থনকারীদের সাথে কোয়ালিশন করার এটি সুবর্ণ সুযোগ।
গত ডিসেম্বরে অধীকৃত গাজা ও পশ্চিম তীরের কিছু এলাকা থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহারের বিষয় নিয়ে পার্লাামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান শ্যারন এবং এর পরপরই লেবার ও লিকুদ পার্টি জাতীয় যুক্ত সরকার গঠন করে।
এদিকে এ মাসেই নির্বাচিত লেবার পার্টির নেতা আমির পেরেজ কোয়ালিশন সরকার থেকে বের হয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছেন।
