ইসরাইলের সাথে শান্তি স্থাপনের ভিত গড়বেন শ্যারন
ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন বলেছেন, তার নতুন রাজনৈতিক দলের মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের সাথে শান্তি স্থাপনের ভিত্তি গড়তে চান।
১৯৭৩ সালে নিজের হাতে গড়া ক্ষমতাসীন লিকুদ পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী শ্যারন এ মন্তব্য করলেন।
শ্যারনের সাথে সাথে লিকুদ পার্টি ও ক্ষমতাসীন সরকারের বেশ কয়েকজন আইনসভার সদস্য একাত্মতা প্রকাশ করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তবে শ্যারন পররাষ্ট্র মন্ত্রী শউল মোফাজকে পদত্যাগ করতে প্রভাবিত করতে পারেননি। যে ছয়জন লিকুদ নেতাকে শ্যারনের উত্তরাধিকারী হিসেবে ধরে নেয়া হচ্ছে, মোফাজ তাদেরই একজন।
শ্যারন সোমবার বলেন, তিনি একটি মধ্যপন্থি উদার রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। একদিকে তিনি সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রতিহত করারও আহ্বান জানিয়েছেন। অপরদিকে দারিদ্র বিমোচনের কথাও বলছেন।
এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, লিকুদের বর্তমান কাঠামো অনুযায়ী দলটি জাতীয় লক্ষ্য অর্জনে ইসরাইলকে নেতৃত্ব দিতে পারবে না।
শ্যারনের লিকুদ ত্যাগের ঘোষণায় আগাম নির্বাচন নিয়ে আলাপ আলোচনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
ইসরাইলের বর্তমান পার্লামেন্ট নেসেট ভেঙ্গে দিতে শ্যারন প্রেসিডেন্ট মোসে কাতসাভের প্রতি আহ্বান জানিয়েছেন।
নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে তা ২০০৬ সালের ২৮ মার্চের আগেই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আগামী নির্বাচনে ডানপন্থি লিকুদ পার্টি, বামপন্থি লেবার পার্টি ও মধ্যপন্থি শ্যারনের নতুন আন্দোলনের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে।
শ্যারন তার নতুন দলের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে ফিলিস্তিনিদের সাথে শান্তি স্থাপন ও ইসরাইলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে অন্তর্ভূক্ত করেছেন।
সোমবার রাতে শ্যারন বলেন, পশ্চিম তীর থেকে তারা আর কোন বসতি প্রত্যাহারের পরিকল্পনা নেই।
তিনি বলেন, আমাদের কাছে যে বড় ধরনের বসতি স্থাপনা রয়েছে তা চিরকাল আমাদের হাতেই থাকবে এবং তা ইসরাইলের সাথে যুক্ত করা হবে।
তিনি বলেন, বসতি প্রত্যাহারের অতিরিক্ত কোন পরিকল্পনা তার হাতে নেই। আমার সামনে রয়েছে রোডম্যাপ।
মার্কিন সমর্থিত রোডম্যাপকেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান বলে মনে করা হচ্ছে।
লিকুদ ছাড়লেও শ্যারনের জনপ্রিয়তা এখনও যে কোন নেতা এমনকি লিকুদ পার্টির চেয়েও বেশি।
ইসরাইলি দৈনিক হারিত্জ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৩৭ শতাংশ ইসরাইলি এখনও শ্যারনকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। নতুন লেবার নেতা আমির পেরেত্জের পক্ষে রায় দিয়েছেন মাত্র ২২ শতাংশ।
