ইরাক থেকে সেনা প্রত্যাহারের দাবি নাকচ করলেন রামসফেল্ড
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক নীতির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইরাক থেকে এখনই সেনা প্রত্যাহার করা হলে সেটি একটি ভয়ানক ব্যাপার হবে।
ইরাক থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত আনীত প্রস্তাব মার্কিন কংগ্রেসে শুক্রবার অনুমোদিত হতে ব্যর্থ হওয়ার পর রোববার প্রতিরক্ষা মন্ত্রী সানডে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সামরিক কমান্ডারদের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে।
ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ জন মার্থার ইরাক থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানানোর পরও মার্কিন কংগ্রেসে বিতর্ক অনুষ্ঠিত হয়।
রামসফেল্ড বলেন, ইরাক থেকে এখনই সেনা প্রত্যাহার করা হলে তা আমাদের দেশের ও দেশের জনসাধারণের জন্য ভয়ানক হয়ে উঠবে।
ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬০,০০০ জন সেনা রয়েছে। তবে দেশটির ১৫ ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচনের পর সেনা সংখ্যা ১৩৮,০০০ জনে নামিয়ে আনা হবে বলে জানা গেছে।
রামসফেল্ড বলেন, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, বিদ্রোহীদের সাথে লড়াইয়ে ইরাকি বাহিনীকে মূল ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
তিনি বলেন, তারা খুব ভাল কাজ করছে। তাদের সংখ্যা বেড়ে চলেছে। তাদের দক্ষতাও বেড়ে চলেছে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরাক থেকে এখনই সেনা প্রত্যাহার করা হলে তা বিদ্রোহীদের কাছে ত্রাণ হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, কেউ আমার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়নি। আমার কাছে যত সেনা চাওয়া হয়েছে, তাই পাঠানো হয়েছে।
সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধে যাওয়ার পক্ষেও রামসফেল্ড তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, আমি সবসময়ই যুদ্ধে যাওয়ার পক্ষে মত দিয়েছি।
