২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির নকশা জমা দিয়েছে ইরান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরান পারমাণবিক বোমা তৈরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের কাছে জমা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 09:04 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

তেহরান বলছে, পাকিস্তানি বিজ্ঞানী আব্দুল কাদির খান পরিচালিত একটি পারমাণবিক চোরাচালান নেটওয়ার্কের কাছ থেকে তারা পারমাণবিক বোমা সম্পর্কে তথ্য পেয়েছে। আইএইএ’র একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইরান আরও বলেছে, তারা আব্দুল কাদির খানকে অনুরোধ করে এ তথ্য পায়নি কিংবা এটা কখনও ব্যবহার করেনি।

আইএইএ বলেছে, ইরান অস্ত্র পরিদর্শকদের সহযোগিতা করতে শুরু করেছে। তবে সম্পূর্ণ স্বচ্ছতা এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি।

তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য কেবল জ্বালানি উৎপাদন করা। তবে ইরান ইউরেনিয়াম পরিশোধন প্রক্রিয়া সচল করায় অনেক আইএইএ বোর্ড সদস্য উদ্বেগ প্রকাশ করেছে। কেননা, উচ্চমাত্রায় পরিশোধিত ইউরেনিয়ায় পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে।

আইএইএ’র পাঁচ পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ১৯৮৭ সালে আব্দুল কাদিরের নেটওয়ার্কের কাছ থেকে ইউরেনিয়াম ধাতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পায়।

প্রতিবেদনের সাথে পরিচিত একটি সূত্র বলছে, পারমাণবিক বোমা একটি গুরুত্বপূর্ণ অংশ প্রস্তুত করতে ওই তথ্য ব্যবহার করা হবে-এমন লক্ষ্যেই তা সন্নিবেশিত করা হয়েছিল।

তবে নতুন নথিপত্র অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

আইএইএ’তে মার্কিন প্রতিনিধি দলের প্রধান গ্রেগরি স্কাল্টি বলেছেন, এ তথ্য আমাদের জন্য উদ্বেগের বিষয়। আর তাই ইরান এই তথ্য নিয়ে কি করছিল তার একটি জবাব তেহরানকে আইএইএ’র বোর্ড অব গভর্নর্সকে অবহিত করতে হবে।

তিনি প্রশ্ন তুলে বলেন, এ তথ্য বোর্ড এবং আইএইএ’র কাছে প্রকাশ করতে ইরান অতীতে কেন ব্যর্থ হয়েছে।

সামরিক ও বেসামরিক উদ্দেশ্যে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে সে সম্পর্কে আরও বেশি তথ্য প্রদান করতে আইএইএ’র প্রতিবেদনে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।