২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মার্কিন শীর্ষ আইন প্রণেতা

যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন ডেমোক্র্যাট আইন প্রণেতা ইরাক থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে একটি বিল উত্থাপন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে উত্থাপিত কোন বিলে এই প্রথম ইরাক থেকে দ্রুত সেনা প্রত্যাহারের দাবি জানানো হল। ডেমোক্র্যাট আইন প্রণেতা জন মার্থার বিলটি উত্থাপন করেন।

মার্থার বলেন, ইরাকে এখন মার্কিন অপারেশনের কোন যৌক্তিকতা নেই।

ভিয়েতনাম যুদ্ধের বীর মার্থার বলেন, আমাদের সামরিক বাহিনীকে ইরাকে যা করতে বলা হয়েছিল, তার সবই সম্পন্ন হয়েছে। তাই ইরাকে সামরিক দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু অর্জন করতে পারবে না।

তিনি বলেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের এটাই সময়।

সম্প্রতি এক মতামত জরিপে দেখা গেছে, ইরাকে দুই হাজারেরও বেশি মার্কিন সেনার প্রাণহানি ও বিলিয়ন বিলিয়ন ডলার খরচের কারণে মার্কিন জনসাধারণের মধ্যে যুদ্ধক্লান্তি বেড়েই চলেছে।

মার্থা বৃহস্পতিবার বলেন, ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি দেশটির অগ্রগতির পথে একটি বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমাদের সেনারা বিদ্রোহী তৎপরতার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সহিংসতার প্রভাবক হয়ে দাঁড়িয়েছি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের উচিৎ, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইরাকের ভবিষ্যত স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।

এদিকে বুশ প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে ইরাক ইস্যুকে ব্যবহার করছে বলে এক ডজনেরও বেশি সিনেট ডেমোক্র্যাট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন।

ডেমোক্র্যাট সিনেটর বারাক ওবামা বলেন, হোয়াইট হাউস কোন রাজনৈতিক যুদ্ধে হারতে যাচ্ছে-এটা মার্কিন জনগণের মাথাব্যাথার কারণ নয়। তারা ইরাকে মার্কিন বিজয় সম্পর্কে খোঁজ খবর রাখে। তাই ইরাক থেকে আমাদের সেনাদের ফিরিয়ে আনা উচিত।